বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় ১২ বছরের কন্যা শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে থানায় মামলা দায়েরের পর বুধবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে জনতা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ওই কন্যা শিশু উপজেলার নরদাশ ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা ইয়াদ আলীর বাড়িতে মই আনতে যায়। এসময় বাড়িতে কেউ না থাকার সুবাদে ইয়াদ আলী (৫০) নামের এক ব্যক্তি ওই শিশুর আপত্তিকর স্থানে হাত দেওয়া ছাড়াও যৌন নিপিড়ন করেন।
শিশুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ইয়াদ আলীকে আটক করে। এসময় তিনি নিজের অপরাধ স্বীকার করেন। ভবিষ্যতে এমন কর্মকান্ডে জড়াবেন না বলে জানান। পরে লোকজন তাঁকে স্থানীয় হাটগাঙ্গোপাড়া তদন্তকেন্দ্রের পুলিশের কাছে সোপর্দ করেন। সন্ধ্যায় বাগমারা থানায় হস্তান্তর করা হয়। রাতে শিশুর বাবা মেয়েকে যৌন হয়রানির অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয়রা জানান, গ্রেপ্তার ইয়াদ আলীর বিরুদ্ধে এর আগেও নারীদের হয়রানির অভিযোগ রয়েছে। গ্রাম্য শালিসে তাঁকে সর্তক করা হয়েছিল।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, প্রথমে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছিল। তবে শিশুর জবানবন্দিতে এমন কিছু পাওয়া যায়নি। শিশুর ভাষ্য মোতাবেক যৌন নিপিড়নের প্রমাণ পাওয়া গেছে। এই অভিযোগে শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।