যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নববর্ষকে ঘিরে নানা আয়োজন 

যবিপ্রবি প্রতিনিধি:

আবহমান বাংলার শিকড় ছুঁয়ে আসছে প্রাণের উল্লাসে ভরা এক বর্ণিল আয়োজন। নতুন দিনের আহ্বানে,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রাঙ্গণে আগামী বৃহস্পতিবার (১৪ এপ্রিল) অনুষ্ঠিত হবে “তারুণ্য ও উদ্যোক্তা মেলা এবং দেশীয় সংস্কৃতি উৎসব-২০২৫”।
এই আয়োজনে জেগে উঠবে বাংলার ঐতিহ্য, উথলে উঠবে নববর্ষের প্রাণছোঁয়া আনন্দ।
আগামী “পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ” বাংলা নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আয়োজনের মাধ্যমে বর্ষবরণ ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করা হবে।
আয়োজনমালার মধ্যে রয়েছে- সকাল ০৯:৩০ ঘটিকা তে আনন্দ শোভাযাত্রা,সকাল ১০:০০ ঘটিকা তে শিশু-কিশোরদের অংশগ্রহণে যেমন খুশি তেমন সাজো, সকাল ১০:১০ ঘটিকা হতে বেলা ১২:৩০ ঘটিকা পর্যন্ত বৈশাখী ও দেশীয় সংগীত এবং কবিতা আবৃত্তি পরিবেশনা,দুপুর ০২:৩০ ঘটিকা হতে বেলা ০৩:৩০ ঘটিকা পর্যন্ত ঐতিহ্যবাহী লাঠি খেলা,বেলা ০৩:৩০ ঘটিকা হতে বিকাল ০৪:৪০ ঘটিকা পর্যন্ত রম্য বিতর্ক ও নাটক,বিকাল ০৫:২০ ঘটিকা হতে সন্ধ্যা ০৬:২০ ঘটিকা পর্যন্ত সমাপনী ও পুরস্কার বিরতণী অনুষ্ঠান।
এছাড়া তরুণদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করতে তারুণ্য ও উদ্যোক্তা উৎসব বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যে নির্দেশনা দিয়েছেন তা বাস্তববায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘তারুণ্য ও উদ্যোক্তা ‘ মেলা’র আয়োজন করেছে যবিপ্রবি প্রশাসন।
এ বিষয়ে উৎসবের দায়িত্বে থাকা যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান সাংবাদিকদের জানান, আনন্দ শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখের অনুষ্ঠানের কর্মসূচি শুরু হবে। অনুষ্ঠানের দেশীয় সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি জুলাই আন্দোলনের ভাবমূর্তি তুলে ধরতে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও জুলাইয়ের প্রামাণ্যচিত্র চিত্র তুলে ধরা হবে। এছাড়া প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে তারুণ্য ও উদ্যোক্তা মেলার আয়োজন করেছি। এ লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য ৩০-৩৫ টি স্টল বানানো হয়েছে , যেখানে বিক্রি হবে দেশীয় পণ্য সহ বিভিন্ন দেশীয় খাবার এবং তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের সফল উদ্যোক্তা শিক্ষার্থীদের মাধ্যমে নতুন উদ্যোক্তা ও শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনামূলক আলোচনা সভার আয়োজন থাকবে। পহেলা বৈশাখে প্রতিবারই রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে তবে এবার গাজায় ইসরাইলি নির্মমতায় মানবিক দিক বিবেচনা করে ক্লাব প্রতিনিধিদের সাথে পরামর্শ করে গাজার মানুষের প্রতি সমবেদনা জানাতে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। আশা করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করবে।
সানশাইন /তারেক /শামি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫ | সময়: ১১:০৪ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর