নগরীতে দোয়া ও ইফতারে বিএনপি নেতা মিনু : দ্রুত একটি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করুন

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা রাসিকের সাবেক মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। শনিবার রাজশাহী মহানগরীর বুধপাড়ায় ৩০ নং ওয়ার্ড (উত্তর) বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা ও গণতান্ত্রিক আন্দোলনে তখন শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সন্তানদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, আপনারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে হাতিয়ার তুলে নিন। পরবর্তীতে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা পেয়েছিলাম লাল-সবুজের পতাকা। পরবর্তীতে তিনি গণতন্ত্রের জন্য কাজ করেন। তার আমলেই গণতন্ত্র ফিরে আসে।
গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া লড়াই সংগ্রামে অগ্রগামী ভূমিকা রেখেছেন। দীর্ঘ ১৭ বছর আমাদের প্রিয় নেতা তারেক রহমান রাত-দিন মানুষের সঙ্গে থেকে খুনি হাসিনা পতনের আন্দোলনে মাসের পর মাস, বছরের পর বছর নেতৃত্ব দিয়েছেন। তারই ফলশ্রুতিতে পরবর্তীতে ছাত্রজনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়। এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন সবার আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত তাদের সবার সুস্থতা কামনা করছি।
মিনু আরো বলেন, আমরা বার বার রাজপথে নেমেছিলাম আগে এরশাদ বিদায় করা হয়েছে এবং পরে স্বৈরাচারী হাসিনাকে বিদায় করা হয়েছে। প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছেন ৩০ নং, ২৬ নং ও ২৭ নং ওয়ার্ডের নেতাকর্মীরা। তিনি পুনরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াকে স্মরণ করে বলেন, তিনি বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশ আমাদের সবার, তাই আগামী দিনে যেকোনো পরিস্থিতে মাতৃভূমিকে রক্ষা করা সবার দায়িত্ব।
বর্তমান অন্তবর্তী সরকারকের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে আমরা সম্মান করি। কিন্ত আপনাদের কথাবার্তা ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন। দ্রুত একটি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করুন। ব্যতিক্রম হলে দেশের মানুষকে নিয়ে পুনরায় আন্দোলন করা হবে। ইফতার ও দোয়া মাহফিল স্থল স্কুল এন্ড কলেজ নিয়ে বলেন, সুযোগ পেলে ভবিষ্যতে এটি আরো উন্নত করা হবে।
বিশেষ অথিথির বক্তব্যে বক্তারা বলেন, রাজশাহী তথা উত্তরবঙ্গের জনপ্রিয় নেতা মিজানুর রহমান মিনুতেই তাদের ও সাধারণ মানুষের আস্থা রয়েছে। আগামী দিনে মিনুতেই তাদের ভরসা। মিনুর পক্ষেই কাজ করতে চান তারা। আধুনিক রাজশাহীর রুপকার আখ্যা দিয়ে মিনুর জন্য সবার কাছে বক্তারা দোয়া চান ও মিনুর পক্ষে কাজ করার জন্য আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক উপাচার্য প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর সভাপতি (পিপি) এড. রইসুল ইসলাম, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও মহানগর বিএনপি নেতা নাজমুল হক ডিকেন। আরও উপস্থিত ছিলেন, মতিহার থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন। ইফতার দোয়া মাহফিলে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। এর আগে বিভিন্ন পাড়া মহল্লা থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।


প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫ | সময়: ৪:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর