সর্বশেষ সংবাদ :

পাখি শিকারীদের সামাজিকভাবে প্রতিহত করার আহবান

স্টাফ রিপোর্টার: পদ্মার চরে বিষটোপ ও কারেন্ট জাল দিয়ে পাখি নিধনের প্রতিবাদে মানববন্ধন এবং জনগণকে সচেতন করতে রাজশাহীতে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের আয়োজনে শুক্রবার রাজশাহীর পদ্মার তীরবর্তী ‘টি-বাঁধ’ ও শ্রীরামপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে রাজশাহীর পরিবেশবাদী সংগঠনসমূহের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। এরআগে গুরুত্বপূর্ণ স্থানে পাখি শিকার রোধে সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়।
পাখিপ্রেমিরা বলেন, শীতের আগমনে রাজশাহীর পদ্মার চরে আসে অনেক অতিথি পাখি। রয়েছে অনেক দেশীয় পাখি। তবে একশ্রেণীর অসাধু মানুষ বিষটোপ ও কারেন্ট জাল দিয়ে শিকার করছে এসব পাখি। পরে হাঁসের মাংস বলে রাজশাহীর বিভিন্ন রেস্টুরেন্টে সরবরাহ করছে। প্রশাসন অপরাধীদের অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করলেও থামছে না এসব কর্মকান্ড।
প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদের পরিচালনায় কর্মসূচিতে সাংগঠনিক সম্পাদক ফাহাদ ইকবাল, কোষাধ্যক্ষ রমজান আলী সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফিরোজ আলী এবং পাখিপ্রেমিরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বিকে দাম।
কর্মসূচি থেকে পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্ব তুলে ধরে তা সংরক্ষণের পাশাপাশি সামাজিকভাবে পাখি শিকারীদের প্রতিহত করার আহবান জানানো হয়।


প্রকাশিত: February 9, 2025 | সময়: 6:19 am | সুমন শেখ