সর্বশেষ সংবাদ :

রাকসু নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থানের ৩২ ঘন্টা পেরিয়ে গেলেও কর্মসূচি অব্যহত রেখেছেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর নেতা-কর্মীরা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু করেন তাঁরা। দাবি আদায় না হওয়ায় রাতভর সেখানেই অবস্থান করেন আন্দোলনকারীরা। বুধবার বিকেল সাড়ে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের কর্মসূচি চলছিল। অবস্থান কর্মসূচি শুরুর প্রায় নয় ঘণ্টা পর সন্ধ্যা সাতটার দিকে প্রশাসনের আমন্ত্রণে উপাচার্যের সম্মেলনকক্ষে বৈঠক করেন সংগঠন দুটির নেতা-কর্মীরা। বৈঠকে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিজেদের ভর্তি পরীক্ষার পাশাপাশি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে। এসব আয়োজন নিয়ে অধিকাংশ শিক্ষক ব্যস্ত সময় পার করছেন। সবকিছু বিবেচনায় নিয়ে চাইলেই এখন রাকসু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তবে প্রশাসন কখনোই রাকসু নির্বাচন বন্ধ রাখার কথা বলেনি। উপাচার্য আরও বলেন, সর্বশেষ রাকসুতে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে। এ ব্যয়ের সম্পূর্ণ হিসাবের সমন্বয় এখনো পাওয়া যায়নি। নির্দিষ্ট হিসাব হাতে পাওয়ার পর পরবর্তী রাকসু নির্বাচনের কার্যক্রম শুরু হবে।
সিনেট অধিবেশনের বিষয়ে উপাচার্য বলেন, অধিবেশন আহ্বানের প্রক্রিয়া চলছে। সিনেটে চ্যান্সেলর ও অ্যাকাডেমিক কাউন্সিলের মনোনীত সদস্যসহ কয়েকটি পদ শূন্য রয়েছে। এ ছাড়া কয়েকজন সদস্য মারা গেছেন। শূন্য পদগুলো পূরণ না করে সিনেট অধিবেশন আহ্বান করা কঠিন। দ্রুত এসব পদ পূরণ করে অধিবেশন আহ্বানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৈঠক শেষে রাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘ভর্তি পরীক্ষা ও অডিটের সঙ্গে রাকসু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এগুলো প্রশাসনের অযৌক্তিক যুক্তি। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের সময়ও রাকসু ছিল। তখন এত প্রতিকূল পরিস্থিতিতেও রাকসু থাকলে এখন কেন নির্বাচন আয়োজন করা যাবে না? রাকসুর এক বছরের মেয়াদে দুবার অডিট করার কথা থাকলেও প্রশাসন তা করেনি। ’
আম্মার আরও বলেন, প্রশাসন তাঁদের দাবিকে গুরুত্ব না দিলে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। সংগঠনটির সদস্যসচিব আরিফ আলভি বলেন, ছাত্র সংসদ নির্বাচনকে দ্বিতীয় সংসদ নির্বাচন বলা হয়। এ নির্বাচন না হলে শিক্ষার্থীরা তাঁদের অধিকার থেকে বঞ্চিত হবে। ছাত্র সংসদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে জবাবদিহির পরিবেশ তৈরি হয়। প্রশাসনের অডিট ও ভর্তি পরীক্ষার কারণে নির্বাচন পেছানোর যুক্তি তাঁদের কাছে গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয় একটি বহুমাত্রিক প্রতিষ্ঠান, যেখানে একসঙ্গে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সম্ভব। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আলভি।


প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬ | সময়: ৬:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর