সর্বশেষ সংবাদ :

রূপপুরের আলোয় আলোকিত হলো দেশ: জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক প্রকল্পের বিদ্যুৎ

মহিদুল ইসলাম, ঈশ্বরদী: শত বাঁধা আর হাজারো প্রতিকুলতা পেরিয়ে অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ। দীর্ঘ প্রতীক্ষা ও নানা কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
প্রাথমিক পর্যায়ে গ্রিডে যুক্ত করা হয়েছে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে যুক্ত হলো নতুন এক অধ্যায়।
সে সময় রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের অভ্যন্তরে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী ও বিজ্ঞানীরা।
রূপপুর থেকে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম গ্রিড সংযোগ (ফার্স্ট গ্রিড কানেকশন) পরীক্ষার অংশ হিসেবে উৎপাদিত বিদ্যুৎ প্রাথমিকভাবে টানা ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। এরপর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে পরবর্তী পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।
পরীক্ষার বিভিন্ন পর্যায়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় সঞ্চালনব্যবস্থার সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য যাচাই করা হবে। এসব পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপের ট্রায়াল অপারেশনের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
বায়েরা চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান জানান, গত অক্টোবরে রিয়্যাক্টরে নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন বিক্রিয়া শুরু হওয়ার পর তা সফলভাবে পরিচালিত হয়েছে। ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রথম ইউনিট স্টেজ-সি কার্যক্রমের চূড়ান্ত অনুমোদন পায়। এ পর্যায়ে পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি ধাপে ধাপে বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদনব্যবস্থার বিভিন্ন অংশের কার্যকারিতা পরীক্ষা করা হয়।
তিনি জানান, নির্ধারিত তাপমাত্রা ও চাপ অর্জনের পর স্টিম জেনারেটরে উৎপন্ন উচ্চচাপের বাষ্প পাইপলাইনের মাধ্যমে টারবাইনে পাঠানো হয়। বাষ্পের চাপে টারবাইন ঘুরলে এর সঙ্গে যুক্ত জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়। এখন সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে পুরো ব্যবস্থার সক্ষমতা ও সমন্বয় যাচাই করা হচ্ছে।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান সাংবাদিকদের বলেন, মঙ্গলবার বিকেলে গ্রিড সিনক্রোনাইজেশনের পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষার অংশ হিসেবেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়া মানেই বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু নয়। এটি একটি গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা। এর মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং গ্রিড তা গ্রহণে কতটা সক্ষম, তা যাচাই করা হচ্ছে। প্রথম দফায় বিদ্যুৎ সরবরাহের পর কয়েক ঘণ্টা পর্যবেক্ষণ করে ব্যবস্থার স্থিতিশীলতা ও কার্যকারিতা মূল্যায়ন করা হবে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানো হবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন শেষে প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটের ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হওয়ার পর পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। তবে শতভাগ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় দেশের সবচেয়ে আলোচিত ও বড় প্রকল্প ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা।
রাশিয়া থেকে ঋণ সহায়তা পেয়েছে ৯১ হাজার ৪০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। আগামী বছর পুরোদমে প্রকল্পটি চালুর আশাবাদ ব্যক্ত করেন প্রকল্প সংশ্লিষ্টরা।


প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬ | সময়: ৭:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর