, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই দই ও মিষ্টি উৎপাদন এবং বিক্রির দায়ে অলিম্পিক সুইটস নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুর ২টার দিকে নগরের মহিষবাথান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মিষ্টি ও দই উৎপাদন এবং বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্যসংবলিত লেবেল ছিল না। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা হোসেন ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মহানগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভেজাল প্রতিরোধ এবং মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।