, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের নগর বাজার এলাকায় অবরোধের সমর্থনে গভীর রাতে রাস্তায় আগুন জ্বালিয়ে পিকেটিং করার অভিযোগে সজিব হোসেন (২০) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নগর বাজারে স্থানীয়রা তাকে আটক করে রাখে। আটক সজিব হোসেন নগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধের সমর্থনে সোমবার মধ্য রাতে নগর এলাকার একটি রাস্তায় আগুন জ্বালিয়ে শ্লোগান দেয় ৬-৭ জন ছাত্রলীগ কর্মী। পরে তারা নিজেরাই সেটা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। পরদিন বিকালে সজিব নগর বাজারে ঘুরতে যায়। এ সময় স্থানীয়রা চিনতে পেরে তাকে আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, তাকে নাশকতার মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।