, , ।
স্পোর্টস রিপোর্টার: জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) রাজশাহী ভেন্যুর চার দিনের ম্যাচের তৃতীয় দিনে বরিশাল বিভাগ প্রথমে ইনিংসে ৭০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২৬৬ রান। বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচের প্রথম দুই দিন মাঠে একটি বলও গড়াতে পারেনি। তৃতীয় দিনে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হলেও আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের ২২ মিনিট আগেই তৃতীয় দিনের খেলা শেষ করে দেন আম্পায়াররা।
সোমবার (২ নভেম্বর) ২৮তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ৫ম পর্বের ম্যাচে সকালে টস জিতে বরিশালের অধিনায়ক ইফতি ব্যাট করার সিদ্ধান্ত নেন। দলীয় ২৯ রানে বরিশালের উদ্বোধনী ব্যাটার জায়াদ আবরার ব্যক্তিগত ২০ রানে ডিপ মিডউইকেটে শাকিলের বলে তৌফিকের হাতে ধরা পরেন। অধিনায়ক ইফতি ৩ নম্বরে ব্যাট করতে এসে অপর উদ্বোধনী ব্যাটার রাফসানের সাথে জুটি বাঁধেন। রাফসান দলীয় ৫৭ ও ব্যক্তিগত ১৭ রানে আমিনুলের বলে শাকিলের হাতে ক্যাচ দেন। অধিনায়ক ইফতি উইকেটরক্ষক শিবলীর হাতে ধরা পরেন ব্যাক্তিগত ৪৭ রানে। দলীয় ১৫৯ রানে ৬ উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে যায় বরিশাল বিভাগ। ৬ নম্বরে ব্যাট করতে এসে দলকে চাপ মুক্ত করেন আব্দুল্লাহ। তিনি ১০১ বলে ৬২ রানে অপরাজিত রয়েছেন। ১৯ রানে অপরাজিত আছেন তানভির। তানভির তাইবুরকে পর পর তিনটি ছক্কা মারেন মিড উইকেটের উপর দিয়ে। আলোর স্বল্পতার কারণে ৭০ ওভারে তৃতীয় দিনের খেলা শেষ করে দেন দুই আম্পায়ার। ঢাকার বোলারদের মধ্যে বিপ্লব ৫৯ রানে ৩ উইকেট দখল করেন। তৌফিক ৪৪ রানে ২ টি উইকেট নেন। সুমন, শাকিল ও আনামুল ১টি করে উইকেট দখল করেন।