সর্বশেষ সংবাদ :

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের ৪৩ জন প্রতিনিধির হাতে ১ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে।
সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা শেষে এসব চেক বিতরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম সম্পা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হক, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, মো. মাইনুল হক মানা এবং রাজশাহী ট্রাক-লরি-কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মধুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের ৪৩ জন প্রতিনিধির হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। এ সহায়তার মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সংকট মোকাবিলায় সহযোগিতা করা হবে।


প্রকাশিত: October 27, 2026 | সময়: 6:12 am | সুমন শেখ

আরও খবর