সর্বশেষ সংবাদ :

বাগাতিপাড়ায় নদীতে তিনটি অবৈধ বাঁধ উচ্ছেদ, জালসহ সরঞ্জাম ধ্বংস

বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বড়াল নদীতে অভিযান চালিয়ে তিনটি অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। এ সময় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, খলসুন সহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ করা সরঞ্জামের আনুমানিক মূল্য চার লাখ টাকা।
শনিবার সকালে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া ও বাজিতপুর এলাকায় বড়াল নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাগাতিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান পিয়া। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান এবং বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে নদীতে স্থাপন করা তিনটি বাঁধ উচ্ছেদ করা হয়। এ ছাড়া তিনটি চায়না দুয়ারি জাল, ৫৮টি খলসুন এবং মাছ ধরার কাজে ব্যবহৃত বাঁশ, খুঁটি ও বানা জব্দ করা হয়। পরে বিধিমোতাবেক জব্দ করা সরঞ্জাম পুড়িয়ে বিনষ্ট করা হয়।

*


প্রকাশিত: October 25, 2026 | সময়: 6:37 am | সুমন শেখ