, , ।
স্টাফ রিপোর্টার: বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। আর এই উৎসবকে ঘিরে রাজশাহীতে সৃষ্টি হয়েছিল এক আনন্দঘন, বর্ণিল পরিবেশ। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন উপজেলায় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
পবা উপজেলা: উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা প্রাঙ্গন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, আরএমপি এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারি, নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
পুঠিয়া: উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৈশাখী শোভাযাত্রা ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। গ্রামীণ ঐতিহ্যের প্রতীকী মুখোশ, পালকি, পাখি ও লোকজ উপকরণ শোভাযাত্রায় ভিন্নমাত্রা যোগ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গোদাগাড়ী: সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী সাঁওতাল নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করা হয়। এছাড়া দিনব্যাপী আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি, লাঠিখেলা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদাত রত্ন, সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, ভূ-উপরিস্থ পানি পরিশোধন প্রকল্পের পরিচালক (হুনান কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ) মিস্টার জোসহ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা চত্বর উৎসবমুখর পরিবেশে মিলনমেলায় পরিণত হয়।
মোহনপুর: উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী সাইদুর রহমান, কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার ডা. খন্দকার সাগর আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা আরজুমান্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।এছাড়াও উপজেলা বিএনপি সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা কৃষকদল সভাপতি গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিকদল সভাপতি মোজাম্মেল হক, ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক, জাহানাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি জিল্লুর রহমান, মৌগাছি ইউনিয়ন বিএনপি সভাপতি নুর এ আলম সিদ্দিকী মুকুল, ধুরইল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংগীত ও নানা আয়োজনের মাধ্যমে দিনব্যাপী উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য লালনের ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা প্রশাসনের এমন আয়োজনে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং বাংলা নববর্ষকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই।
তানোর: সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের বৈশাখী পোশাক ও নানা সাজে শোভাযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা গান পরিবেশন করেন। পাশাপাশি শহীদ মিনার চত্বর ও নির্বাচন অফিসের সামনে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন স্টলে বৈশাখী সামগ্রী প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পান্তা ও বৈশাখী গামছাও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদ পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানসহ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। সকল ভেদাভেদ ভুলে নতুন বছরে ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। বাঘা: উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐক্য, গণতন্ত্রের পুনরুত্থান’। সকাল সাড়ে ৯টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন এমপি আবু সাইদ চাঁদ।
উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সর্বজনীন সহাবস্থানের বার্তা বহন করে। পরে নৃত্য, লোকসঙ্গীত, দলীয় সংগীত ও লাঠিখেলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এমপি আবু সাইদ চাঁদ শাহদৌলা সরকারি কলেজের বৈশাখী অনুষ্ঠানেও যোগ দেন। উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী বৈশাখী অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়।
মান্দা: ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রেণ পুনরুত্থান’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টার দিকে কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। পরে পরিষদ মুক্ত মঞ্চ সোপানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সার্থীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ষবরণ উপলক্ষে মান্দা উপজেলা প্রশাসন গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি ও বদন খেলা, শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এদিন বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। পরে রাফেল ড্রসহ পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া পরিষদ সংলগ্ন মাঠে তিনদিন ব্যাপি বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
নওগাঁ: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে নওগাঁয় নতুন বছরকে বরণ করা হয়েছে। আনন্দ-উচ্ছ্বাসে জেলাজুড়ে চলে বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠান। মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসন আয়োজনে শহরের এটিম মাঠ থেকে বের করা হয় একটি আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ অংশ নেন শোভাযাত্রায়। আনন্দ শোভাযাত্রাটি শুরু হওয়ার আগে সকাল থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে চিরচেনা গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরে নতুন বছরকে স্বাগত জানাতে রঙিন পোশাকে শহরের এটিম মাঠ এসে জড়ো হলে তাদের উপস্থিতি শুরু হয় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়া, পালকি, মাটির তৈরি বাসনসহ বিভিন্ন বর্ণের বেলুন ফেষ্টুন, মাথাল শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে। শোভাযাত্রা শেষে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের চত্বরে নব বর্ষের গান, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়াও দিনব্যাপী সেখানে আয়োজন করা হয়েছে লোকজ মেলা।
বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, পান্তা ইলিশ খাওয়া, বিতর্ক প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী লাঠি খেলা ও বিলুপ্ত প্রায় গ্রামীণ খেলার মধ্য দিয়ে ব্যতিক্রমী আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বরে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল আজিজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, নাটোর জজকোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আলী আকবর, ওসি আব্দুস ছালাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা ও বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথির নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠন এর অংশগ্রহনে একটি বর্নাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে মুক্তমঞ্চে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর পলিচালক অলিউল হক ডলারের নেতৃত্বে শিল্পীবৃন্দ পরিবেশনায় বাউল, লোকসংগীত, দেশাত্ববোধক সংগীতের পরিবেশন করে দর্শক শ্রোতাকে মাতোয়ারা করে তুলেন। এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ,নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, শিক্ষক দুরুল হোদা, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান সংগীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন। আদিবাসী শিল্পীবৃন্দ, কিশোর কিশোরী ক্লাবের শিল্পীবৃন্দ ও পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রী ছাত্রীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান ও র্যালীতে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ, উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েশ, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, পৌর ¦িএনপির সহসভাপতিও বিশিষ্ঠ সমাজ সেবক আমানুল্লাহ আল মাসুদ, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ।
সিংড়া: নাটোরের সিংড়ায় মঙ্গলবার উপজেলা প্রশাসন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ৯টায় বন্যাঢ্যর্যালী পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কোর্ট চত্বরে এসে শেষ হয়। পরে আমতলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় নাটোর -৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন করা হয়। মেলায় ১৬টি স্টল স্থান পায়।
টাঙ্গাইল: নানা আয়োজন এবং বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩। ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বিশাল বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী।
এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নূরুস সালাম সিদ্দিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ এতে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে “এসো হে বৈশাখ” সংগীত ও আবৃত্তির মাধ্যমে নববর্ষকে বরণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আত্রাই: নতুনের আবাহনে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ ধ্বনিতে নওগাঁর আত্রাইয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। বর্ষবরণ ও বৈশাখী অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. শুভ আলাউল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য মিলনমেলা। এটি কেবল একটি ক্যালেন্ডার পরিবর্তন নয়, বরং আমাদের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। অতীতের সব গ্লানি মুছে দিয়ে নতুন বছরে আমরা একটি স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ নিই। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই উৎসব আমাদের ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে তুলবে।
সভাপতির তার সমাপনী বক্তব্যে বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসন সবসময়ই সচেষ্ট। নতুন প্রজন্মের কাছে আমাদের নিজস্ব সংস্কৃতি পৌঁছে দিতেই এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন। ১৪৩৩ বাংলা নববর্ষ সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক-এই প্রত্যাশাই করি।
এসময় উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আজাদ আলী প্রাং, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম প্রমুখ। এছাড়াও শোভাযাত্রায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাধারণ মানুষ রঙিন পোশাক ও ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন।
গোমস্তাপুর: নানা আয়োজনের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান বৈশাখী শোভাযাত্রা বের করে। উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি বেলা ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয়। পরে রহনপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় গরু গাড়ী সঙ্গে ঢাক-ঢোলের শব্দে বাঙ্গালি পোশাকের সাজসজ্জায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নানা সংস্কৃতি প্রদর্শণ করা হয়। সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা , গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সামাজিক- সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির দুটি গ্রুপ পৃথকভাবে শোভাযাত্রা বের করে। অন্যদিকে উত্তর রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মমতাজ বেগম পান্তাভাত,খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
আদমদীঘি: বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় নববর্ষের শুভ সূচনা। এই উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড ঘুরে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন সাংসদ আব্দুল মহিত তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আতোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, নানা শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উৎসবে যোগ করে বাড়তি প্রাণচাঞ্চল্য। পাশাপাশি, আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা, যেখানে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের নানা উপকরণ স্থান পেয়েছে।
নলডাঙ্গা: নাটোরের নলডাঙ্গা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। বাংলা নববর্ষে এবারের প্রতিপাদ্য ছিল “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে নলডাঙ্গা পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।শোভাযাত্রায় রংবেরঙের ব্যানার, ফেস্টুন, ঢাকঢোল সহ নানা সাজে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান, সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান, নলডাঙ্গা থানার ওসি নুরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল প্রমূখ।