সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে মসজিদের পাশের বাড়ী থেকে মাদকের চালান আটক

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চেঁচড়া গ্রামে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জনকে গ্রেপ্তার করেছে ¯েপশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ ও জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের যৌথ আভিযানিক দল।
শনিবার ভোর রাতে পাঁচবিবির ভারত সীমান্তবর্তী গ্রাম চেঁচড়া বাইতুচ্ছালাম জামে মসজিদের পাশেরই একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো চেঁচড়া গ্রামের মৃত মুল্লুক চাঁদের ছেলে আবুল কাশেম (৫৫) ও মৃত ছইমুদ্দিনের ছেলে সুরুজ মন্ডল (৪০)।
এসআরবির জানায়, মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি নিজ বাড়িতে মজুত রেখেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আবুল কাশেম ও সুরুজ মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই সময়ে রিফাত (২৩) নামের আরেক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। তবে তিনি পালিয়ে যান। অভিযানকালে গ্রেপ্তার দু’জনের হেফাজত থেকে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী এসব ট্যাবলেট জব্দ করা হয় বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের পাঁচবিবি থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: October 25, 2026 | সময়: 6:32 am | সুমন শেখ