রানীনগরে ৮ দলের ‘পা গোলি’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্ল্যাক হর্স

স্টাফ রিপোর্টার: আটটি দলের অংশগ্রহণে রানীনগর মোন্নাফের মোড়ে শুরু ও সম্পন্ন হয়েছে ‘ইয়াংস্টার পা গোলি ফুটবল টুর্নামেন্ট’। স্থানীয় যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
আটটি দল নিয়ে আয়োজিত একদিন ব্যাপী এই পা গোলি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় কুইক সেটাপকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্ল্যাক হর্স।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনাটা পিএলসি-এর জিএম (ম্যানুফ্যাকচারিং) ওবায়দুল ইসলাম ফ্রিডম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের তরুণদের বলতে চাই, শুধু ভালো খেলোয়াড় হওয়াই নয়, একজন ভালো মানুষ হওয়াও জীবনের বড় সাফল্য। আপনারা মাদককে না বলুন, অন্যায়কে না বলুন। খেলাধুলা ও ভালো কাজের মাধ্যমে নিজেদের গড়ে তুলুন।”
বিশেষ অতিথি হিসেবে ভিডিও বার্তায় যুক্ত হয়ে বক্তব্য দেন এনটিভির সিনিয়র ভিজ্যুয়াল জার্নালিস্ট রাজু আহমেদ রুবেল। তিনি বলেন, “যুবসমাজই আমাদের দেশের শক্তি, আর খেলাধুলা হলো যুবসমাজকে সঠিক পথে রাখার অন্যতম মাধ্যম। খেলাধুলা আমাদের মাদক থেকে দূরে রাখে, শৃঙ্খলা শিখায় এবং ভ্রাতৃত্ববোধ বাড়ায়।”
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাসেল, রিয়াল, আবির, জয় , হিমেল, ইমরান ও স্বপন।


প্রকাশিত: October 24, 2026 | সময়: 6:01 am | সুমন শেখ