সর্বশেষ সংবাদ :

স্প্রে করাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত, ৯ জন আহত

লিয়াকত আলী বাবলু,  মহাদেবপুর :

মহাদেবপুরে বিবাদমান জমির ধানে কীটনাশক স্প্রে করাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে ১ জন নিহত উভয় পক্ষের ৯ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং এর সংঘর্ষে জড়িত থাকার দায়ে মহাদেবপুর থানা পুলিশ ১ জনকে আটক করেছে।

১৪ অক্টোবর বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের প্রত্যন্তপল্লী রনাইল নিচপাড়ার উত্তরে ধানের মাঠে ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত আনিছুর গং এবং সায়েদ গং এর মধ্যে দীর্ঘদিন থেকে প্রায় ১০ বিঘা জমির শরিকান ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ চলছিল। এ বছরই প্রথম বিবাদমান সম্পত্তির প্রায় ৭ বিঘা জমিতে আনিসুর গং আমন ধান রোপন করে। ঘটনার দিন সায়েদ গং ওই ধানে কীটনাশক স্প্রে করে দখল করতে গেলে আনিছুর গং বাঁধা দেয়। ফলে , উভয়ের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।

এতে উল্লেখিত গ্রামের মৃত সামাদ মেম্বারের পুত্র আনিসুর রহমান (৫৫ )নিহত হয় এবং একই গ্রামের রেজাউল এর পুত্র ইলিয়াস( ৩৫) , মৃত ইয়াদ আলীর পুত্র আব্দুল মতিন (৪০) , নিহত আনিসুরের পুত্র শাহজাহান (৩০) ও ওয়াহেদের পুত্র ওসমান গনি (৬০), মৃত আব্দুল হামিদের পুত্র আবুল কালাম আজাদ (৫৪ ) ,আবুল কালামের পুত্র আব্দুল আলিম (২৫), মৃত সামাদের পুত্র জাহিদুল ইসলাম (৪০) , রফিজ উদ্দিন এর পুত্র রেজাউল( ৬৫) ,রেজাউল পুত্র জুয়েল( ২৮) গুরুতর জখম হয়। এদের মধ্যে ৭ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২ জনকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ।

এ ঘটনায় জড়িত থাকার দায়ে রনাইল নিচপাড়া গ্রামের মৃত ওয়াহেদ বক্সের পুত্র ওসমান গনি (৬০) কে মহাদেবপুর থানা পুলিশ আটক করেছ। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য যে, বিবেদমান এই সম্পত্তি নিয়ে বিভিন্ন সময় সালিশি বৈঠক হলেও বিবাদ নিষ্পত্তি হয়নি বলে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে।

সানশাইন /শাহজাদা


প্রকাশিত: October 14, 2026 | সময়: 10:37 pm | Daily Sunshine

আরও খবর