, , ।
স্টাফ রিপোর্টার: আজ ১৪ অক্টোবর ৫৭তম বিশ্ব মান দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ (বুধবার) সকাল সাড়ে ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীর সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’। দিবসটি উপলক্ষে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহী মহানগরীর বিভিন্ন জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে দিবসের স্লোগানসংবলিত পোস্টার, ফেস্টুন ও ব্যানার টাঙানো হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম; রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম; রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান; রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম; রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসেন আলী এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) রাজশাহী শাখার সভাপতি মো. কাজী গিয়াস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক জহুরা সিকদার। আলোচনা সভায় শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং মহানগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। বিশ্ব মান দিবসের মূল লক্ষ্য হলো পণ্য ও সেবার মান নিশ্চিতকরণে মানদণ্ডের গুরুত্ব তুলে ধরা এবং আন্তর্জাতিক মান অনুসরণের মাধ্যমে নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি করা। এবারের প্রতিপাদ্যে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার এবং উন্নত ভবিষ্যৎ গঠনে অভিন্ন উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।