সর্বশেষ সংবাদ :

আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে রেলসেতুর ওপর ট্রেনে কাটা পড়ে আতাহার আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পাশে ২৭৬ নম্বর রেলসেতুর ওপর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর গ্রামের মৃত দশরত মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে প্রাতঃভ্রমণে বের হওয়া স্থানীয় লোকজন রেলসেতুর ওপর বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর পরনে ছিল গোলাপি রঙের পাঞ্জাবি ও লুঙ্গি। মরদেহের কাছেই একটি কালো রঙের কাপড়ের ব্যাগ ও ধাতব লাঠি পড়ে ছিল। খবর পেয়ে স্থানীয়রা আক্কেলপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। গভীর রাতে কোনো একসময় তিনি ট্রেনে কাটা পড়ে থাকতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আব্দুল মোমিন বলেন, শনিবার ভোরে হাঁটতে বের হয়ে রেলসেতুর ওপর বৃদ্ধের মরদেহ দেখতে পাই। গভীর রাতের কোন এক সময়ে তিনি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হতে পারেন বলে মনে হচ্ছে।
নিহতের পরিচয় নিশ্চিত করে কানুপুর গ্রামের বাসিন্দা রতন চন্দ্র বলেন, আতাহার আলী তাঁর প্রতিবেশী ছিলেন। তিনি গত কয়েকদিন আগে চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন। আক্কেলপুর স্টেশনে নেমে রেললাইন ধরে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পরিবারের অন্য সদস্যরা ঢাকায় থাকলেও তিনি স্ত্রীকে নিয়ে গ্রামের বাসায় থাকতেন।
আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার আবু সাঈদ বলেন, মহিলা কলেজের দক্ষিণ পাশে ২৭৬ নম্বর রেলসেতুর ওপর ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ভোর ৫টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আপ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশন ছেড়ে যায়। ওই ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হতে পারে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৭৫ বছর। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


প্রকাশিত: October 11, 2026 | সময়: 6:42 am | সুমন শেখ

আরও খবর