সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

স্টাফ রিপোর্টার: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ, বিশ্ব শিক্ষক দিবস এবং রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদ্যাপনের অংশ হিসেবে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
রাজশাহী কলেজের ১৫০ বছর উদ্যাপন কমিটি ও বিএনসিসি, রোভার, রেঞ্জার, রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচিতে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, কলেজের অ্যালামনাসগণসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ১০টায় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী ও উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী ও শিক্ষক পরিষদের সম্পাদক-এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি কলেজের রবীন্দ্র-নজরুল চত্বর থেকে শুরু করে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।
এদিকে সোমবার সকালে নগরীর নিউ গভঃডিগ্রী কলেজে শিক্ষক পরিষদের উদ্যোগে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কলেজ প্রাঙ্গণ ও সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র‌্যালি শেষে অধ্যক্ষের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত এবং পবিত্র গীতা থেকে পাঠ করা হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষকতার মর্যাদা, শিক্ষকদের পেশাগত অধিকার, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনাসভায় আলোচকবৃন্দ বলেন, একটি জাতির সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অগ্রগতিতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। পরিবর্তনশীল বিশ্বে শিক্ষকদের নতুন জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতার সঙ্গে নিজেদের সমৃদ্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একইসাথে তাঁরা শিক্ষকদের অপ্রাপ্তি ও বঞ্চনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং সেগুলো সমাধানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।
আলোচনায় অংশ নিয়ে সম্মানিত মূখ্য আলোচক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা ইউনিটের আহবায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সাইয়েদুর রহমান বলেন, “শিক্ষকের প্রতি যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা মানেই শিক্ষা ব্যবস্থার ভিতকে শক্তিশালী করা এবং একটি মানবিক ও জ্ঞানভিত্তিক ভবিষ্যৎ নির্মাণ করা।”
কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এবং ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রাশেদ করিম বলেন, “শিক্ষকের মর্যাদা সমুন্নত হলেই কেবল দেশ ও জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব।”
কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো: মতিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের পেশাগত মর্যাদা, স্বাধীনতা, দক্ষতা উন্নয়ন ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”
সভায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার বলেন, “শিক্ষক শুধু জ্ঞান বিতরণ করেন না, তিনি একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ নির্মাণ করেন-তাই শিক্ষকের মর্যাদা ও পেশাগত অধিকার নিশ্চিত করা একটি উন্নত সমাজের অন্যতম পূর্বশর্ত।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান, নিয়ামতপুর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসহাক আলী সরকার, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি নাজমুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ধামইরহাট: উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং মাধ্যমিক, প্রাথমিক, ও মাদ্রাসার শিক্ষক সমিতির সার্বিক সহযোগিতায় উপজেলা চত্বর থেকে একটি রালি বের করে উপজেলা প্রধান প্রধান সডক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ -২ আসনের সাংসদ সদস্য এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ প্রমুখ। এছাডাও উপজেলার কলেড, মাধয়মিক, প্রাথমিক ও মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন। বক্তারা বলেন শিক্ষককেরা জাতি গঠনের কারিগর,। জাতির অগ্রগতির মুল ভিত্তি হলো মানসন্মত শিক্ষা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভুমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষককের শুধু পাঠদান করেন না,তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, ও দেশপ্রেমিকতার শিক্ষা দিয়ে থাকেন। শিক্ষকদের ভুমিকা অপরিসীমা।
আত্রাই: উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার এর সঞ্চালনায় আত্রাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুস সোভান, অধ্যক্ষ গোলাম কিবরিয়া, সুপার আবুল হোসেন, সহকারী শিক্ষক তপন কুমার প্রমুখ।
সভাপতির সমাপনি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন, শিক্ষকরাই জাতির মেরুদণ্ড ও সমাজ পরিবর্তনের প্রধান কারিগর। একটি উন্নত, সমৃদ্ধ ও আদর্শ জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাদের পেশাগত মানউন্নয়ন, মর্যাদা রক্ষা এবং সঠিক মূল্যায়ন নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে এবং প্রশাসন সবসময় শিক্ষকদের সার্বিক কল্যাণে পাশে থাকবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার মাহমুদ উত্তাল, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাগণ। বক্তারা শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থার সার্বিক মান উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
কালাই: উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের (সি,এ,) এস এম শওকতের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা(ভারপ্রাপ্ত) কর্মকর্তা মুনসুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোরশেদা আক্তার বানু, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল ইসলামসহ প্রমুখ। এবং উপজেলার বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তা ও এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকগণরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। শিক্ষকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, মর্যাদা বৃদ্ধি এবং তাদের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি জ্ঞান ভিত্তিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
ধনবাড়ী: উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসহার মিজ্ নূরজাহান আক্তার সাথী। ধনবাড়ী উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলামের সঞ্চালনায় আরোও বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্ত মো.ফরহাদ হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক প্রমূখ। বক্তারা বলেন, শিক্ষকেরা সমাজ গঠনের কারিগর। তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। অনুষ্ঠানে গুণী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এতে উপজেলার প্রত্যেক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। আলোচনা সভার অনুষ্ঠান শেষে একটি র‌্যালি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের সামনে গিয়ে শেষ হয়।
মান্দা: উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। পরে উপজেলা পরিষদে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তারা আরও বলেন, শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: October 6, 2026 | সময়: 4:41 am | সুমন শেখ