, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ফিজিক্যাললি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)-এর নবীনবরণ ও বিদায় সংবর্ধনা শনিবার প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, সংগঠনের উপদেষ্টা প্রফেসর গোলাম কিবরিয়া ফেরদৌস (সমাজকর্ম বিভাগ), প্রফেসর ইব্রাহীম হোসেন মন্ডল (ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ), মোকছিদুল হক (ফাইন্যান্স বিভাগ) ও কোরিয়ান ভাষা শিক্ষক ইম বং থোক। পিডিএফ-এর সভাপতি মো. আজহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বিদায়ী সদস্যদের স্মারক ক্রেস্ট ও নবাগত শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী উপহার দেন। পিডিএফ-এর সাধারণ সম্পাদক শাহিন আলম ও সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমীন তন্নী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম তাঁর বক্তব্যে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করলে ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীরা আমাদের সম্পদ হয়ে উঠতে পারে। তিনি স্টিফেন হকিং ও হেলেন কেলারের উদাহরণ দিয়ে তাঁদের অসাধারণ মানসিক শক্তিই সাফল্যের মূল চাবিকাঠি বলে উল্লেখ করেন।
বিদায়ী শিক্ষার্থীদের কর্মজীবনে সাফল্য প্রত্যাশা করেন এবং নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করে সমাজের মূল ধারায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। প্রসঙ্গক্রমে তিনি ফিজিক্যাললি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ভবনে র্যাম্প নির্মাণসহ লিফটের ব্যবস্থা, আবাসিক হলসমূহে সুবিধাজনক স্থানে আসন বরাদ্দ এবং রাবির বাসে আসন সংরক্ষণসহ প্রশাসনে গৃহিত অন্যান্য পদক্ষেপের কথা উল্লেখ করেন। এছাড়াও তিনি এই ফিজিক্যাললি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি অন-ক্যাম্পাস কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ তাঁর বক্তব্যে বলেন, ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের বরণ ও বিদায়ের এই উদ্যোগ অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন সমস্যা আসতে পারে, তা মানসিক শক্তি ও আত্মবিশ্বাসের মাধ্যমে মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাবি প্রশাসন কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।