সর্বশেষ সংবাদ :

বালু উত্তোলন নিয়ে বিরোধ বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ

আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে ফসলি জমি থেকে বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা আলমগীর হোসেন আলম ও তাঁর স্ত্রী মাহবুবা খাতুনকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান সুমনের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান সুমনও আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের চক রোয়াইড় গ্রামের আজাদুলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত তিনজনই আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত বিএনপি নেতা আলমগীর হোসেন আলম রুকিন্দিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি। তাঁর অভিযোগ, ফসলি জমি থেকে বালু উত্তোলন ও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিবাদ করায় আতিয়ার রহমান তাঁকে ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাত করেছেন। এ ছাড়া তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আতিয়ার রহমান। তাঁর পাল্টা দাবি, মাদক ব্যবসার প্রতিবাদ করায় আলমগীর তাঁর ওপর হামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোয়াইড় গ্রামের একটি ব্যক্তি মালিকানাধীন জমি খনন করে প্রায় এক মাস ধরে মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করছিলেন। জমিতে ট্রাক্টর চলাচলের কারণে গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ নিয়ে গ্রামবাসী প্রতিবাদ জানান এবং বিষয়টি থানা-পুলিশকে অবহিত করেন। গত সোমবার রাতে পুলিশ গিয়ে বালুবাহী ট্রাক্টর আটকে দেয়। তবে পুলিশ চলে যাওয়ার পর আবারও ট্রাক্টর চলাচল শুরু হয় বলে স্থানীয়দের দাবি।
এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে অবস্থান নেন বিএনপি নেতা আলমগীর হোসেন আলম। বিষয়টি উপজেলা বিএনপির নেতাদেরও জানানো হয়। গত বুধবার গ্রামবাসী উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে দেখা করে এ নিয়ে কথা বলেন। শনিবার বিকেলে রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ছোয়াতের উপস্থিতিতে দুই পক্ষের বৈঠকের কথা ছিল।
আলমগীর হোসেনের ভাষ্য, শুক্রবার রাতে তিনি গ্রামবাসীকে শনিবারের বৈঠকের কথা জানাতে বাড়ি থেকে বের হন। পথে চক রোয়াইড় গ্রামের আজাদুলের দোকানের সামনে আতিয়ার রহমানের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আতিয়ার তাঁকে ছুরিকাঘাত করেন। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর স্ত্রী মাহবুবা খাতুনকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
আলমগীর হোসেন বলেন, আমি গরু কেনাবেচার ব্যবসা করি। আতিয়ার আমার কাছে এক লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। টাকা না দেওয়ায় তিনি আমার ওপর ক্ষুব্ধ ছিলেন। এ ছাড়া গ্রামের মারুফের জমি থেকে মাটি ও বালু তুলে নবাবের ইটভাটায় বিক্রি করা হচ্ছিল। ট্রাক্টর চলাচলে রাস্তা নষ্ট হওয়ায় গ্রামবাসী বাধা দেন। এ নিয়ে আমরা উপজেলা বিএনপির নেতাদের কাছে গিয়েছিলাম। শনিবার দুই পক্ষের বসার কথা ছিল। এর আগেই আতিয়ার আমাকে ছুরিকাঘাত করেন। আমার স্ত্রী আমাকে বাঁচাতে এলে তাঁর চোখের পাশেও ছুরিকাঘাত করা হয়।
তবে আতিয়ার রহমান সুমন পাল্টা অভিযোগ করে বলেন, আলমগীর হোসেন মাদক ব্যবসা করেন। গত এপ্রিল মাসে আমরা তাঁকে মাদক ব্যবসা করতে নিষেধ করেছিলাম। এ কারণে তিনি আমার ওপর ক্ষুব্ধ ছিলেন। শুক্রবার রাতে গ্রামের বাড়িতে গেলে আলমগীর আমাকে মারধর করেন। এতে আমি বাম হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ভিত্তিহীন। আমি বালু উত্তোলনের সঙ্গেও জড়িত নই।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, আলমগীর হোসেন ও আতিয়ার রহমান পাশাপাশি দুটি ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আলমগীরের মাথায় ব্যান্ডেজ বাঁধা। আতিয়ার বাম হাতে আঘাত পেয়েছেন, তার হাতটি গজ দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। আলমগীরের স্ত্রী মাহবুবা খাতুনও চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফজলে রাব্বি রাকিব বলেন, গত রাত নয়টার দিকে আহত অবস্থায় আলমগীর হোসেন আলম ও তাঁর স্ত্রীকে হাসপাতালে আনা হয়। আলমগীরের মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে এবং তাঁর স্ত্রীর বাম চোখের নিচে আঘাত রয়েছে। আর আতিয়ার রহমান হাতে আঘাত পেয়েছেন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ছোয়াত বলেন, বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শনিবার দুই পক্ষকে নিয়ে বসার কথা ছিল। এর আগেই তারা বিবাদে জড়িয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মাসুদ বলেন, ছুরিকাহত হওয়ার ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: October 4, 2026 | সময়: 5:58 am | সুমন শেখ