সর্বশেষ সংবাদ :

বিশ্বের ৩৪ দেশের একজন, বাংলাদেশ থেকে শুধু রাফি

স্পোর্টস ডেস্ক: দেশের সাঁতারে নিজের জায়গা তৈরি করে এবার আরও বড় মঞ্চে নিজেকে শাণিত করার সুযোগ পাচ্ছেন সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডে দুই বছরের বৃত্তিতে প্রশিক্ষণ নেওয়ার পর এবার ফ্রান্সে যাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু। বিশ্ব সাঁতারের সর্বোচ্চ সংস্থা ফিনার বৃত্তি নিয়ে এক বছরের জন্য ফ্রান্সের নিস শহরে উচ্চতর প্রশিক্ষণ নেবেন তিনি।
ফিনার এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্বের ৩৪টি দেশ থেকে একজন করে সাঁতারুকে সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে সেই সুযোগ পেয়েছেন শুধু রাফি। সেখানে ফ্রান্সের উচ্চমানের কোচদের অধীনে নিজের দক্ষতা আরও বাড়ানোর সুযোগ পাবেন তিনি। রাফির যাতায়াত, থাকা-খাওয়া থেকে শুরু করে প্রশিক্ষণের সব খরচই বহন করবে ফিনা। গত সেপ্টেম্বর থেকেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে রাফি ফ্রান্সে যাচ্ছেন অক্টোবরের শুরুর দিকে।
বুধবার ফ্রান্স দূতাবাস থেকে বের হয়ে রাফি বলেন, ‘ফিনার অধীনে ফ্রান্সে উচ্চমানের প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বিশ্বের অনেক দেশ থেকে সেখানে সবাই এক বছরের জন্য নিজেদের মানোন্নয়নে যাবে। আমিও তাদের মধ্যে একজন। সেখানে গিয়ে নিজেকে আরও শাণিত করার সুযোগ পাবো। ভালো কিছু শিখতে পারবো। পরবর্তীতে তা দেশের হয়ে কাজে দেবে। এছাড়া আগামী বছরে এসএ গেমসেও তার প্রতিফলন দেখা যাবে।’
৭ বছর পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ৭ বছর পর আবারও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফিরছে বাংলাদেশ। অক্টোবরের ব্যস্ত সূচিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পাশাপাশি আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। পুরো সিরিজই হবে সংযুক্ত আরব আমিরাতে। বুধবার প্রকাশ করা হয়েছে সিরিজের পূর্ণাঙ্গ সূচি।
সর্বশেষ ২০১৯ সালে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। এবার আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আবারও সেই ফরম্যাটে ফিরছে তারা। আজ ১ অক্টোবর দুবাইয়ের উদ্দেশে রওনা দেবেন বাংলাদেশের টেস্ট স্কোয়াডের সদস্যরা। সেখানে ২ ও ৩ অক্টোবর অনুশীলন করবে দল। এরপর ৪ অক্টোবর থেকে শুরু হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ।
জাপানে এশিয়ান গেমসে থাকা দলের বাকি সদস্যরা ৬ অক্টোবর দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন। এরপর ৭ ও ৮ অক্টোবর পুরো দল একসঙ্গে অনুশীলন করবে। ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। এরপর ১৭ অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এরপর ২১ অক্টোবর শারজাতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচই শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। ২৩ অক্টোবর শারজাতেই অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।


প্রকাশিত: October 1, 2026 | সময়: 6:51 am | সুমন শেখ