, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার রায়ে ৫৫ বছর বয়সী হামিদুল শেখ নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাট নারী শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত হামিদুল শেখ পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ২০২৫ সালের ২৭ মার্চ দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের ওই মেয়ে নিজ বাড়ির আঙিনা ঝাড়ু দিচ্ছিলেন। সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী চাচা হামিদুল বাড়িতে এসে জোরপূর্বক মুখে ওড়না চাপা দিয়ে শিশুটিকে ধর্ষণ করে এবং পরবর্তীতে হামিদুল আবারও ভয়ভীতি দেখে বিভিন্ন সময় ওই শিশুকে একাধিকবার ধর্ষণ করে। এর প্রায় ৫ মাস পর এক সময় ওই শিশুটি গর্ভবতী এবং অসুস্থ্য হয়ে পড়লে পরিবারকে বিষয়টি জানায়। এ ঘটনায় ভুক্তভোগির বাবা বাদী হয়ে ২০২৫ সালের ১৯ আগস্ট পাঁচবিবি থানায় ধর্ষন মামলা দায়ের করেন।
এরপর একই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।
রায়ের তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহানুর রহমান শাহীন।