, , ।
স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের পুরুষ দ্বৈত বিভাগে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। রাউন্ড অব ৩২-এর ম্যাচে কাজাখস্তানকে সরাসরি দুই গেমে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান।
শুক্রবার ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশিয়ামের কোর্ট-২-তে কাজাখস্তানের আরতুর নিয়াজভ ও খাইতমুরাত কুলমাতভ জুটির মুখোমুখি হন বাংলাদেশের গৌরব-আয়মান। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেন তারা। প্রথম গেমে প্রতিপক্ষকে কার্যত কোনো সুযোগই দেয়নি বাংলাদেশের জুটি। ২১-৮ ব্যবধানে গেম জিতে এগিয়ে যান গৌরব ও আয়মান। দ্বিতীয় গেমেও একই ছন্দ ধরে রাখেন তারা। এবার ২১-১২ ব্যবধানে জয় তুলে নিয়ে ম্যাচ নিজেদের করে নেন।
ফলে সরাসরি ২-০ গেমে কাজাখস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের পুরুষ দ্বৈত বিভাগের রাউন্ড অব ১৬-তে জায়গা করে নিল বাংলাদেশ। এশিয়ান গেমসে ব্যাডমিন্টন ইভেন্টে বাংলাদেশের অংশগ্রহণের ইতিহাস এবারই শুরু হয়েছে। প্রথমবারের মতো গেমসের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিয়েই পুরুষ দ্বৈত বিভাগে শেষ ষোলোতে উঠে নতুন মাইলফলক গড়লেন গৌরব-আয়মান।
সর্বোচ্চ উইকেটশিকারির তালিকা, নাহিদ রানার পরিসংখ্যান
স্পোর্টস ডেস্ক: নাহিদ রানা বাংলাদেশের ক্রিকেটের কত বড় রত্ন, সেটি বের হয়ে এসেছে চলতি বছরের (২০২৬ সালের) একটি পরিসংখ্যানেই।
২০২৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ইংল্যান্ডের জোফরা আর্চারের পরেই রয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। তবে পরিসংখ্যান জানাচ্ছে, চলতি বছরে এখন পর্যন্ত সেরা পাঁচ উইকেটশিকারির মধ্যে নাহিদ রানাই সবচেয়ে এগিয়ে।
২৬ ম্যাচে ৩১ ইনিংসে বল করে ৫৩ উইকেট নিয়েছেন আর্চার। উইকেট শিকারের হিসেবে তিনি এখন এক নম্বরে। দ্বিতীয় স্থানেই আছেন নাহিদ রানা। তিনি এ বছর ১৬ ম্যাচেই নিয়েছেন ৪৪ উইকেট। তার বোলিং গড় ১৮.৩১, যা সেরা পাঁচজনের মধ্যে সবচেয়ে ভালো। এছাড়া এক ইনিংসে তার সেরা বোলিং ৬/২১। তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের ব্র্যাড ইভান্স। নাহিদ রানার সমান ৪৪ উইকেট নিয়েছেন তিনি। কিন্তু তার খেলতে হয়েছে রানার থেকে ৮ ম্যাচ বেশি (২৪ ম্যাচ), ইনিংস ২৫টি।
চার নম্বরে থাকা ইংল্যান্ডের জশ টাঙ রানার সমান ১৬ ম্যাচে নিয়েছেন ৪৩ উইকেট। পরিসংখ্যান হয়তো রানার কাছাকাছিই (১ উইকেট কম, ম্যাচ সংখ্যা সমান) দেখাচ্ছে তাকে। তবে টাঙ বল করেছেন ২৩ ইনিংসে। যেখানে নাহিদ রানার ইনিংস ১৮টি। পঞ্চম স্থানে থাকা ভারতের আর্শদিপ সিং ২৬ ম্যাচে ২৪ ইনিংসে নিয়েছেন ৩৮ উইকেট।
এই পাঁচজনের মধ্যে একমাত্র বোলার হিসেবে চলতি বছর এক ইনিংসে ৬ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন নাহিদ রানা। চলতি বছরের সেরা ৫ উইকেটশিকারি (২৫ সেপ্টেম্বর পর্যন্ত)-জোফরা আর্চার-৫৩ উইকেট, নাহিদ রানা-৪৪ উইকেট, ব্র্যাড ইভান্স-৪৪ উইকেট, জশ টাঙ-৪৩ উইকেট ও আর্শদিপ সিং-৩৮ উইকেট।
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে বৃষ্টির দাপটে একের পর এক ম্যাচ পরিত্যক্ত হচ্ছে। জাপান ও নেপালের ম্যাচের পর এবার টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ওমান ও মালয়েশিয়ার মধ্যকার ম্যাচও। ম্যাচটিতে টসই করা সম্ভব হয়নি। আর তাতেই কোয়ার্টার-ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে ওমানের।
শনিবার নিশিনে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ওমান ও মালয়েশিয়ার। কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত করতে ওমানের সামনে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়।
আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই সরাসরি কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফলে গ্রুপ পর্বের ফলের ওপর নির্ভর করছিল তাদের শেষ আটের প্রতিপক্ষ। নিয়ম অনুযায়ী, ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে খেলবে বাংলাদেশ।
এতে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। বিপরীতে এক পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ওমান। আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই সরাসরি কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফলে গ্রুপ পর্বের ফলের ওপর নির্ভর করছিল তাদের শেষ আটের প্রতিপক্ষ। নিয়ম অনুযায়ী, ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে খেলবে বাংলাদেশ।
অন্য কোয়ার্টার-ফাইনালে ‘বি’ গ্রুপের রানার্স-আপ হংকং চায়নার মুখোমুখি হবে পাকিস্তান। শ্রীলঙ্কার প্রতিপক্ষ নেপাল। আর শেষ আটের সবচেয়ে আলোচিত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। এশিয়ান গেমসে বাংলাদেশ মালয়েশিয়ার মুখোমুখি হবে আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর, ২০২৬) সহাক সাড়ে ১০টায়।