সর্বশেষ সংবাদ :

নগরীর হড়গ্রামের প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকার প্রবীণ শিক্ষক ও সমাজে সুপরিচিত ব্যক্তিত্ব আলহাজ্ব আবু সাঈদ মাস্টার (৮৬) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম আবু সাঈদ মাস্টার দীর্ঘদিন রাজশাহী মহানগরীর কোর্ট বাজার জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শেষ পর্যায়ে তিনি রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।
তিনি হড়গ্রাম চারখুটার মোড় এলাকার মরহুম আব্দুল বারী মুন্সির ছেলে। আট ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সপ্তম। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আবু সাঈদ মাস্টার ছিলেন দৈনিক আমার দেশ-এর রাজশাহী ব্যুরো প্রধান ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সহসভাপতি ও মানবাধিকার কর্মী মঈন উদ্দিনের ছোট চাচা।
শুক্রবার জুমার নামাজের পর হড়গ্রাম গোরস্থানে তাঁর জানাজার নামাজ শেষে তাঁকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সাবেক সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।


প্রকাশিত: September 26, 2026 | সময়: 7:14 am | সুমন শেখ