, , ।
আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে স্লুইসগেটের পাশে পানিতে ভাসমান অবস্থায় বেলি বিবি (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর পূর্বপাড়া গ্রামের নন্দাহার খালের স্লুইসগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বেলি বিবি ওই গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গ্রামের পাশের নন্দাহার খালের স্লুইসগেট এলাকায় গোসল করতে যান বেলি বিবি। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
স্থানীয়রা জানান, স্লুইসগেটটির আশপাশে গ্রামের অনেক মানুষ নিয়মিত গোসল করেন। শুক্রবার ভোরে স্থানীয় বাসিন্দা বিপ্লব হোসেন সেখানে মাছ ধরতে গেলে পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের ভাগিনা হেলাল খান বলেন, ‘বৃহস্পতিবার থেকে তিনি বাড়িতে ছিলেন না। শুক্রবার সকালে স্থানীয় এক যুবক মাছ ধরতে এসে পানিতে তাঁর মরদেহ দেখতে পান। তাঁর উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। ধারণা করছি, গোসল করতে গিয়ে অসুস্থ হয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।’
নিহতের স্বামী বাচ্চু সরদার বলেন, ‘আমার স্ত্রী ছেলের বাড়িতে থাকতো। বৃস্পতিবার থেকে আমি বাড়িতে ছিলাম না। স্ত্রী মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলের পাশে তাঁর জুতা, গোসলের কাপড় ও সাবান পড়ে ছিল।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।