সর্বশেষ সংবাদ :

নগরীতে যুবসমাজের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার: ডেঙ্গু মোকাবিলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৯ নম্বর ওয়ার্ডে যুবসমাজের উদ্যোগেই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার সকাল থেকে তারা নগরের দরগাপাড়া ও আশপাশের মহল্লার পরিত্যক্ত স্থানগুলোর ঝোপঝাড় কেটে পরিষ্কার করছেন। এর পাশাপাশি এলাকার নর্দমা ও ড্রেনগুলোতে ছড়িয়ে দেওয়া হচ্ছে ব্লিচিং পাউডার এবং কীটনাশক।
এ কাজে নেতৃত্ব দিয়েছেন এলাকার বাসিন্দা ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাদ্দেদ জামানী সুমন। তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে নিজ নিজ অবস্থান থেকেই তারা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন। পুরো ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম চলবে। যুবসমাজের এই কাজে খুশি এলাকাবাসী, খুশি সিটি করপোরেশনও। রাসিকের ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ের সচিব রুহুল কুদ্দুস বলেন, ‘সিটি করপোরেশন যতই চেষ্টা করুক না কেন, এলাকার মানুষ সচেতন না হলে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা কঠিন। এলাকা পরিষ্কার না থাকলে মশার বিস্তারের মাধ্যমে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। এই এলাকার যুবসমাজ এগিয়ে এসেছেন। এভাবে প্রতিটি এলাকার যুবসমাজ এগিয়ে এলে ডেঙ্গু ছড়াবে না।’


প্রকাশিত: September 24, 2026 | সময়: 3:11 am | সুমন শেখ