সর্বশেষ সংবাদ :

রাকাবে চালু হলো বাংলা কিউআর

স্টাফ রিপোর্টার: ক্যাশলেস বাংলাদেশ গঠনের লক্ষ্যে গ্রাহকদের দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেনের সুযোগ দিতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) চালু করা হয়েছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ও বাংলা কিউআর সেবা।
নতুন এ সেবা চালুর ফলে রাকাবের গ্রাহকেরা এখন অন্য যেকোনো ব্যাংকের হিসাবে তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের পাশাপাশি রাকাবের ই-ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন।
বুধবার রাজশাহী নগরীর আমানা বিগ বাজার ও ফ্লিটবাই সুপার শপে কেনাকাটার মাধ্যমে নতুন এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। এ সময় ব্যাংকের প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ, আইসিটি সিস্টেম বিভাগ ও আইসিটি অপারেশন বিভাগের কর্মকর্তাসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্মকর্তারা জানান, এনপিএসবি সুবিধা চালুর ফলে রাকাবের গ্রাহকেরা এখন সহজেই অন্য যেকোনো ব্যাংকের হিসাবে দ্রুত অর্থ স্থানান্তর করতে পারবেন। অন্যদিকে, রাকাবের নিজস্ব ই-ব্যাংকিং এ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর কোড স্ক্যান করে বিভিন্ন দোকান, সুপারশপ ও ব্যবসাপ্রতিষ্ঠানে সরাসরি কেনাকাটার বিল পরিশোধ করা যাবে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এ দুটি ডিজিটাল সেবা চালুর ফলে দৈনন্দিন ব্যাংকিং ও পেমেন্ট কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে। গ্রাহকদের প্রতিটি লেনদেনের জন্য ব্যাংক শাখায় যাওয়ার প্রয়োজন কমবে। সপ্তাহের ছুটির দিনসহ বছরের ৩৬৫ দিন যেকোনো স্থান থেকে নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন রাকাবের গ্রাহকেরা।


প্রকাশিত: September 24, 2026 | সময়: 3:11 am | সুমন শেখ