সর্বশেষ সংবাদ :

ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

স্টাফ রিপোর্টার: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীতে দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির (সহসভাপতি পদমর্যাদা) দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এক চিঠিতে এ নির্দেশনা দেন। সাংগঠনিক শাস্তিপ্রাপ্তরা হলেন- রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্মআহবায়ক সাব্বির আহম্মেদ অন্তর এবং রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাইনুদ্দিন রানা।
এর মধ্যে সাব্বির আহম্মেদ অন্তরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের উপস্থিতি হয়ে লিখিত ব্যাথ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হলো। মহানগর ছাত্রদলের বর্তমান যুগ্মআহবায়ক অন্তর এর আগে রাজশাহী নিউ. কলেজে শাখা ছাত্রদলের আহবায়ক ছিলেন। অভিযোগ রয়েছে, কলেজের আহবায়কের পদে না থাকলেও অন্তর কলেজ ক্যাম্পাসে ব্যানার ও ফেস্টুন লাগিয়ে রেখেছেন। ছাত্রদলের কলেজ শাখার নেতৃবৃন্দ বেশ কয়েকবার ব্যানার ও ফেস্টুন সরিয়ে নেওয়ার জন্য তাকে অনুরোধ করলেও তিনি শোনেননি। এর মাধ্যমে তিনি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা অন্তর বলেন, ‘আমি কেন্দ্রের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা দিয়েছি। আমার বিরুদ্ধে সংগঠনের কয়েকজন নেতাকর্মী ষড়যন্ত্র করেছেন। তারা আমার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।’ এদিকে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাইনুদ্দিন রানার কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাইনুদ্দিন রানাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। অভিযোগ রয়েছে, ছাত্রদল নেতা রানা কলেজ শাখার শীর্ষ নেতাদের লাঞ্ছিত করেছেন। এর মাধ্যমে তিনি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বক্তব্যের জন্য ছাত্রদল নেতা রানাকে ফোন দেওয়া হলে তিনি ধরেননি।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির (সহসভাপতি পদমর্যাদা) দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘সাংগঠনিক নির্দেশনা লঙ্ঘন এবং বিশৃঙ্খলার অভিযোগে ছাত্রদল নেতা রানাকে কারণ দর্শানো নেটিশ দেওয়া হয়েছে। আর রানা নিজেদের নেতাকর্মীদের সাথে মারামারি করেছেন। এ বিষয়টি সংগঠনের আদর্শের পরিপন্থী। একারণে তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।’


প্রকাশিত: September 24, 2026 | সময়: 3:11 am | সুমন শেখ