, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় নুর ইসলাম ব্যাপারী (৫৮) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার রয়না-জোনাইল সড়কের খাকসা তেতুল তলা মোড়ে তিনি দুর্ঘটনার শিকার হন। নিহত নুর ইসলাম ব্যাপারী উপজেলার রয়না গ্রামের মৃত আছের উদ্দিন ব্যাপারীর ছেলে। তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি ব্যাক্তিগত কাজে ভ্যানযোগে খাকসা তেতুলতলা যান। সেখানে ভ্যান থেকে নেমে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটর সাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।