সর্বশেষ সংবাদ :

চিকিৎসা শেষে বাড়ি ফিরে দেখলেন ১০ লাখ টাকার স্বর্ণালংকার লুট

আক্কেলপুর প্রতিনিধি: দুই দিন আগে পরিবারের সদস্যদের নিয়ে চিকিৎসার জন্য রাজশাহী গিয়েছিলেন জয়পুরহাটের আক্কেলপুরের লিটন হোসেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে তালা ভেঙে তাঁর ঘরে চুরির ঘটনা ঘটে।
চিকিৎসা শেষে বাড়ি ফিরে লিটন দেখেন তালা ভেঙে তাঁর ঘর এলোমেলো অবস্থায় রয়েছে। আসবাব ও অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ ১৬ হাজার টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা লুট হয়েছে দাবি করে সোমবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লিটন। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রাজকান্দা এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে চিকিৎসার জন্য রাজশাহী যান লিটন। যাওয়ার সময় বাড়ির প্রধান দরজায় তালা লাগিয়ে যান। চিকিৎসা শেষে সোমবার সকাল ৬টার দিকে বাড়িতে ফিরে দরজার তালা খুলে ভেতরে ঢুকেই তিনি চুরির বিষয়টি টের পান। ঘরের জিনিসপত্র ছিল এলোমেলো। পরে তিনি দেখেন, আলমারি ও ঘরে রাখা স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, চোরেরা তিনটি স্বর্ণের চেইন, দুটি স্বর্ণের বালা, একটি স্বর্ণের নেকলেস, তিন জোড়া কানের দুল ও নগদ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। চুরি যাওয়া স্বর্ণালংকারের মোট ওজন প্রায় ৪ ভরি ১০ আনা। এ ঘটনায় তাঁর দশ লক্ষাধীক টাকার মালামাল লুট হয়েছে।
লিটন হোসেন বলেন, দুই দিন আগে চিকিৎসার জন্য পরিবারের সবাইকে নিয়ে রাজশাহী যাওয়ায় বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে চোরেরা তালা ভেঙে ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। তিনি দ্রুত চোরদের শনাক্ত করে লুট হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আক্কেলপুর থানার উপ-পরিদর্শক অসীম কুমার বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: September 22, 2026 | সময়: 5:15 am | সুমন শেখ