সর্বশেষ সংবাদ :

অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে জরিমানা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) গুণগত মানসনদ ছাড়াই জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির অভিযোগে একটি বেকারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
জানা গেছে, বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত ‘মায়ের দোয়া বেকারী’ নামের প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করেই ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন, বিক্রি ও বিতরণ করে আসছিল। অভিযানকালে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং নন-ফুডগ্রেড উপাদান ব্যবহারের অভিযোগও পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: September 21, 2026 | সময়: 3:15 am | সুমন শেখ