, , ।
স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে পুরো সিরিজেই দাপট দেখিয়েছে ইংল্যান্ড। শেষ ম্যাচেও সেই আধিপত্যের ধারাবাহিকতা ধরে রেখে লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা। এই জয়ের সঙ্গে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও ফিরে পেয়েছে হ্যারি ব্রুকের দল। ভারতকে সরিয়ে আবারও র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে গেছে ইংল্যান্ড।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে আগে ব্যাট করা শ্রীলঙ্কা ইংলিশ পেসারদের তোপে ১৮.৫ ওভারে মাত্র ১২৪ রানে অলআউট হয়। শুরুতে অবশ্য লঙ্কানদের ব্যাটিংয়ে ছিল আগ্রাসনের ছাপ। জোফরা আর্চারের প্রথম ওভার থেকেই আসে ১৫ রান। কিন্তু এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ইংলিশ বোলাররা।
সনি বেকারের বলে লাহিরু উদারা ১০ রানে ফিরতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা কিছুটা প্রতিরোধ গড়ে ২৪ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৬ রান করেন। কামিন্দু মেন্ডিস ২৮ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৩৫ রান। তবে এই দুই ব্যাটারের বাইরে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।
ইংল্যান্ডের হয়ে সনি বেকার, জোফরা আর্চার ও উইল জ্যাকস দুটি করে উইকেট নেন। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে এক উইকেট নিয়ে বল হাতে সবচেয়ে কৃপণ ছিলেন জেমি ওভারটন। ১২৫ রানের লক্ষ্য ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপের জন্য বড় কোনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়নি। অ্যানিউরিন ডোনাল্ড ১৩ রানে ফিরলেও দ্বিতীয় উইকেটে জস বাটলার ও হ্যারি ব্রুকের ৮৫ রানের জুটি ম্যাচের গতিপথ পরিষ্কার করে দেয়। ব্রুক ৩৩ রানে রানআউট হলেও জয় নিয়ে কোনো সংশয় তৈরি হয়নি।
শেষ পর্যন্ত ছক্কা মেরে ম্যাচ শেষ করেন বাটলার। ৩২ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন সাবেক ইংলিশ অধিনায়ক। মাত্র ৯.৪ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। এই জয়ের ফলে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ভারতের সমান ২৬৯ রেটিং নিয়ে থাকা ইংল্যান্ড পয়েন্ট বাড়িয়ে শীর্ষস্থান দখল করেছে। হ্যারি ব্রুক অধিনায়ক হওয়ার পর ২৬টি সম্পূর্ণ টি-টোয়েন্টির মধ্যে এটি ইংল্যান্ডের ২৩তম জয়।