, , ।
স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এবার ক্রিকেটারদের সুযোগ-সুবিধা ও পারিশ্রমিক বাড়ানো হয়েছে। ব্যাগি ক্যাপ, হেলমেটসহ বিভিন্ন সুবিধা যুক্ত হওয়ার পাশাপাশি দ্বিগুণ হয়েছে পারিশ্রমিক। এর সঙ্গে কোচদের সুবিধা বাড়ালে ঘরোয়া ক্রিকেটে পেশাদারত্ব বাড়ানোর পাশাপাশি ক্রিকেটারদের সঙ্গে কোচদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন সিলেট বিভাগের প্রধান কোচ রাজিন সালেহ।
খেলোয়াড়দের জন্য নেওয়া উদ্যোগগুলোর প্রশংসা করে রাজিন বলেন, ‘আমি স্যালুট দেব যে খেলোয়াড়দের নিয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির সভাপতি তামিম ইকবাল একজন কিংবদন্তি খেলোয়াড় ছিলেন। তিনি খেলোয়াড়দের অনুভূতিটা জানেন। সেই জায়গা থেকে সিদ্ধান্তগুলো অনেক মূল্যবান।’
তার মতে, সুযোগ-সুবিধা বাড়লে ক্রিকেটাররা আরও কঠোর পরিশ্রমে উৎসাহিত হবেন। রাজিন বলেন, ‘অবশ্যই এটা খেলোয়াড়দের জন্য অনেক অনুপ্রেরণাদায়ক হবে। তাদের কঠোর পরিশ্রম করার জন্য উৎসাহিত করবে। কারণ এখানে যারা পারফর্ম করবে, তারাই এখানে থাকবে। দিনশেষে অর্থ গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে সমর্থন থাকলে এখানে পেশাদারত্ব আরও আসবে।’
একই সঙ্গে ভবিষ্যতে কোচিং ও সহায়ক স্টাফদের জন্যও সুযোগ-সুবিধা বাড়ানোর প্রত্যাশা রাজিনের। তিনি বলেন, ‘আমার অনুরোধ থাকবে টুর্নামেন্ট কমিটির কাছে, এখানে সহায়ক স্টাফ যারা আছেন, তাদের জন্যও যেন কিছু করা হয়। কারণ তারাও তো তিন-চার মাস সময় দিচ্ছেন খেলোয়াড়দের জন্য। ওই জায়গাটায় একটু ঘাটতি আছে। আমার মনে হয়, তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। আগামী দিনে এটা নিয়ে আরও কাজ করলে সব জায়গা থেকেই পূর্ণ পেশাদারত্ব পাওয়া যাবে।’