, , ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব আর চালিয়ে যাবেন না জ্যোতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে কোন আলোচনা না করেই নিগার সুলতানা জ্যোতি নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন! যা দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে বেশ বিব্রত করে। তবে বিসিবি ইতোমধ্যেই টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নিয়ে আলোচনা শুরু করেছে। তাদের আলোচনায় সম্ভাব্য অধিনায়ক হিসেবে সামনে এসেছে দুটা নাম; নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি। তবে এখনও কোন সিদ্ধান্তই চূড়ান্ত নেওয়া হয়নি এই ব্যাপারে।
জ্যোতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়বেন চলমান এশিয়ান গেমসের পর। তবে ওয়ানডে দলে নেতৃত্ব দিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও মনোযোগ দিতেই নিগার এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এক ই-মেইলের মাধ্যমে বিসিবিকে এমনটাই জানিয়েছেন।
২০২২ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান নিগার। তার অধিনায়কত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ। ওই আসরে ব্যাট হাতে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে সাতটি ডিসমিসালও করেন তিনি।
তবে সাম্প্রতিক সময়ে নারীদের টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে হয়েছে নানা আলোচনা। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত থাকলেও পরবর্তীতে ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে লাল-সবুজের প্রতিনিধিরা। স্কটল্যান্ড-নেদারল্যান্ডসকে নিয়ে ত্রিদেশীয় সিরিজেও আসেনি প্রত্যাশামাফিক ফলাফল। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচের মধ্যে জয় আসে মাত্র দুটিতে।
বিসিবির একটি সূত্রের বরাতে ক্রিকেট বিষয়ক সাইট ক্রিকবাজ জানিয়েছে, নতুন অধিনায়ক নির্বাচনের আলোচনায় নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি থাকছেন এগিয়ে। ক্রিকেটের ছোট সংস্করণে তাদের অবস্থান ও অভিজ্ঞতা বিবেচনায় দুজনকেই শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।
তবে শুধু অভিজ্ঞদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না বিসিবির ভাবনা। ভবিষ্যতের জন্য নতুন নেতৃত্ব তৈরি করতে ‘এ’ দলের নেতৃত্ব দেওয়া রাবিয়া খান ও অলরাউন্ডার স্বর্না আক্তারের নামও বিবেচনায় আসতে পারে। যদিও এই মুহূর্তে তাদের ওপর অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া কিছুটা আগেভাগে হয়ে যেতে পারে বলে মনে করছে বোর্ডের একটি অংশ।
এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী দলের কোচিং স্টাফেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বর্তমান প্রধান কোচ সরোয়ার ইমরানের জায়গায় সাবেক বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের কোচ ডেভিড হেম্পকে দায়িত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। এশিয়ান গেমসে ভারতের বিপক্ষে ২১ সেপ্টেম্বর সেমিফাইনালে নামবে বাংলাদেশ। এই ম্যাচটিই হতে পারে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিগার সুলতানার শেষ ম্যাচ।