সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের নদীর দক্ষিণ তীরে অবস্থিত ভাঙ্গাজাঙ্গাল বাজারে একজন সার ডিলার নিয়োগের দাবিতে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর গণস্বাক্ষর সংবলিত লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় কৃষকরা। বুধবার ১৬ সেপ্টেম্বর বিকেলে তারা এই আবেদন জমা দেন।
জানা যায়, বিশা ইউনিয়নের মাঝ বরাবর বয়ে গেছে আত্রাই-গুড় নদী। নদীর দক্ষিণ তীরে অবস্থিত হরিপুর, সুদরানা, বিশা, বৈঠাখালী, ডুবাই, উদয়পুর, পারমোহনঘোষ ও থলওলমা সহ প্রায় ১২টি গ্রাম। বর্তমানে এসব গ্রামের কৃষকদের সারের চাহিদা মেটাতে একমাত্র একজন বিসিআইসি এবং দুইজন বিএডিসি সার ডিলার রয়েছেন, যাদের ব্যবসাপ্রতিষ্ঠান নদীর উত্তর তীরে সমসপাড়া বাজারে।
ফলে দক্ষিণ তীরের ১২টি গ্রামের কৃষকদের সার কিনতে প্রতিদিন নদী পার হয়ে সমসপাড়া বাজারে যেতে হয়। নদী পারাপারের জন্য ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, যা কৃষকদের কৃষি ও পারিবারিক কাজে বড় ধরণের বিঘ্ন ঘটায়। এছাড়া নদী পারাপার ও সার পরিবহনের দরুন কৃষকদের বস্তাপ্রতি প্রায় ৬০ থেকে ৭০ টাকা অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে, যা সরাসরি তাদের কৃষি উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে। হরিপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, সার নিতে গেলে নদী পারাপারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, অনেক সময় অর্ধেক দিনই পার হয়ে যায়। এতে আমাদের সংসারের কাজকর্মের চরম ক্ষতি হয়।
বৈঠাখালী গ্রামের কৃষক সাইদুর রহমান জানান, মাত্র ১০ কেজি সার লাগলেও নদী পার হয়ে যেতে হয়। এতে সময় ও টাকা দুটোরই চরম অপচয় ঘটে। ডুবাই গ্রামের কৃষক আমিনুল ইসলাম বলেন, নদীর ওপার থেকে সার আনতে বস্তাপ্রতি ৬০-৭০ টাকা অতিরিক্ত খরচ হয়। ভাঙ্গাজাঙ্গাল বাজারে ডিলার নিয়োগ দেওয়া হলে আমরা সহজেই ভ্যান বা অন্যান্য পরিবহনে সার আনতে পারব এবং খরচও অনেক বাঁচবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রাব্বানী জানান, বিশা ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগের জন্য এ পর্যন্ত ১২টি আবেদন জমা পড়েছে, যা বর্তমানে যাচাই- বাছাই করা হচ্ছে। এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন, ভাঙ্গাজাঙ্গাল বাজারে একজন সার ডিলার নিয়োগের দাবিতে ওই এলাকার কৃষকরা গণস্বাক্ষর সংবলিত একটি আবেদন জমা দিয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: September 18, 2026 | সময়: 4:39 am | সুমন শেখ

আরও খবর