, , ।
স্পোর্টস ডেস্ক: গতবছর স্পেনে এক সড়ক দুর্ঘটনায় প্রয়াত হওয়া জাতীয় দলের সতীর্থ দিয়োগো জোতাকে নিয়ে সমর্থকদের কটূক্তিতে ক্ষুব্ধ ক্রিশ্চিয়ানো রোনালদো। কদিন আগে সৌদি লিগের ম্যাচ চলাকালীন সময়ে আল-হিলাল ও পর্তুগালের মিডফিল্ডার রুবেন নেভেসকে উদ্দেশ্য করে জোতার নাম ধরে স্লোগান দেয় কিছু দর্শক। এই ঘটনায় জড়িতদের আজীবন স্টেডিয়ামে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা রোনালদো।
সৌদি প্রো লিগে শনিবার (১২ সেপ্টেম্বর) আল-তাওউনের বিপক্ষে আল-হিলালের ৬-০ গোলের জয়ের ম্যাচে রুবেন নেভেসকে লক্ষ্য করে গ্যালারি থেকে বারবার ‘জোতা’ বলে স্লোগান দেওয়া হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন রোনালদো।
রোনালদো বলেন, এ ধরনের আচরণের বিরুদ্ধে লিগ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। তাঁর মতে, ফুটবলে এমন আচরণের কোনো জায়গা নেই এবং যারা এ ধরনের কাজ করেন, তাদের আর কখনো স্টেডিয়ামে প্রবেশের সুযোগ দেওয়া উচিত নয়। জোতার সঙ্গে নেভেসের ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। উলভারহ্যাম্পটন ও পর্তুগাল জাতীয় দলে একসঙ্গে খেলেছেন তারা। জোতার স্মরণে পর্তুগালের হয়ে নেভেস এখন ২১ নম্বর জার্সি পরেন। এমনকি পায়ের পেছনে জোতার সঙ্গে আলিঙ্গনের একটি ট্যাটুও করিয়েছেন তিনি।
ম্যাচ চলাকালে সমর্থকদের আচরণে ক্ষুব্ধ নেভেসকে ব্যঙ্গাত্মকভাবে হাততালি দিতে দেখা যায়। এরপর আকাশের দিকে ইশারা করেন তিনি। ম্যাচ শেষে নেভেস বলেন, ‘আমি শুধু আশা করি, তারা পরে তাদের কাজের পর প্রার্থনা করতে যাবে না।’ গত বছরের জুলাইয়ে স্পেনের জামোরা প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভাই আন্দ্রে সিলভাকে নিয়ে নিহত হন জোতা। লিভারপুল ও উলভসের হয়ে ৩১৩ ম্যাচে ১০৯ গোল ও ৪৫ অ্যাসিস্ট করেছিলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচে করেছিলেন ১৪ গোল ও ১২ অ্যাসিস্ট করেছিলেন অকাপ প্রয়াত এই ফুটবলার।