সর্বশেষ সংবাদ :

চারঘাটের ছয় ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া: চেয়ারম্যান প্রার্থী তালিকায় জামায়াতের একক, বিএনপিতে ছড়াছড়ি

মিজানুর রহমান, চারঘাট: বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে চলতি মাসেই তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী নভেম্বর মাসেই হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেই লক্ষ্যে এরই মধ্যে রাজশাহীর চারঘাট উপজেলার ৬টি ইউনিয়নেই বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ।
পোষ্টার ও ব্যানার টানিয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তালিকায় নাম লিখিয়েছেন অনেকেই। দলীয় ভাবে এখনো কাউকে গ্রিন সিগন্যাল না দিলেও উপজেলার ৬টি ইউনিয়নে বিএনপির প্রায় ৩০ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে পোষ্টার ও ব্যানারের মাধ্যমে ভোটারদের কাছে পরিচিতি জানান দিচ্ছেন। তবে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর পক্ষ থেকে ৬টি ইউনিয়নে ঘোষণা করা হয়েছে একক প্রার্থীর নাম। গত কয়েক দিন ধরে সরজমিনে চারঘাট উপজেলার ৬টি ইউনিযনের বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে এমন চিত্র।
জানা যায়, চারঘাট সদর ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, সাবেক চেয়ারম্যান প্রবীন রাজনীতিবিদ মোজাম্মেল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি জিল্লুর রহমান মিটুল বিএ অনার্স এলএলবি ও বিএনপি সমর্থক হাফিজুর রহমান।
তবে অত্র ইউনিয়নে জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে উপজেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারী তরিকুল ইসলাম রকির নাম। ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবদল নেতা সোহানুর রহমান আন্দোলন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা সুমন রানা, স্কুল শিক্ষক শহিদুজ্জামান লেলিন।
অপর দিকে জামায়াতের একক প্রার্থী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী কামরুজ্জামান। নিমপাড়া ইউনিয়নে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ইউয়িন জামায়াতের আমীর মিজানুর রহমান। শলুয়া ইউনিয়নে যাদের নাম রয়েছে, তারা হলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মাছুম, ইউনিয়ন বিএনপির সভাপতি প্রবীন রাজনীতিবিদ আরমান আলী মৃধা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব হাসান আলমগীর। এছাড়াও জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের আমীর আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়েছে।
ইউসুফপুর ইউনিয়নে জানান দিচ্ছেন সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবিন, উপজেলা যুবদলেরর সাবেক সভাপতি জিল্লুর রহমান বিপ্লব, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, বিএনপির সমর্থক আবুল কালাম আজাদ। অন্য দিকে জামায়াতের একক প্রার্থী ঘোষনা করা হয়েছে জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য আব্দুর রহমান।
সরদহ ইউনিয়নে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য রেজাউল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সভ্পাতি সোহেল রানা। তবে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ইউনিয়ন জামায়াতের টিম সদস্য সাজ্জাদুল ইসলামের নাম।


প্রকাশিত: September 15, 2026 | সময়: 4:20 am | সুমন শেখ

আরও খবর