সর্বশেষ সংবাদ :

পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ট্রলার দুর্ঘটনা: একদিন পরও খোঁজ মেলেনি ছাত্রদল নেতা রকির

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ট্রলার দুর্ঘটনায় তিনজন নিখোঁজের পর দু’জন উদ্ধার হলেও রাকিবুজ্জামান রকি নামের এক ছাত্রদল নেতা নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনার একদিন পেরিয়ে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার রাত ৯টার দিকে ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ৫নং পিলারের সঙ্গে ইঞ্জিনচালিত ট্রলারের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে। লক্ষীকুন্ডা নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে ট্রলারে থাকা আরও দুইজনকে জীবিত উদ্ধার করলেও রকিকে উদ্ধার করতে পারেনি।
নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয় পাড়া এলাকার বাসিন্দা। তিনি শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
ট্রলারে থাকা যাত্রীরা জানান, শুক্রবার সকালে গড়াই নদীর কাতলাগাড়ী থেকে পাবনার রূপপুর পর্যন্ত নৌকা ভ্রমণে বের হয় প্রায় শতাধিক যাত্রী। ভ্রমণ শেষে ফেরার পথে রাতে হার্ডিঞ্জ ব্রিজের ৫নং পিলারের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এ সময় রাকিসহ কয়েকজন নদীতে ছিটকে পড়েন। দুর্ঘটনায় রাকিবুজ্জামান রকিসহ তিনজন নিখোঁজ হন। পরে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। সে সময় লিটন (৩৮) ও আব্দুল ওয়াহাব (৪৫) নামের দু’জনকে জীবিত উদ্ধার করা হলেও রকির কোর হদিস পাওয়া যায়নি।
লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর তিনজন নিখোঁজ হয়েছিলেন। দু’জনকে জীবিত উদ্ধার করা হলেও ছাত্রদল নেতা রকি নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


প্রকাশিত: September 13, 2026 | সময়: 5:26 am | সুমন শেখ