, , ।
ওমর ফারুক, আত্রাই: নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর বাজারে সড়কের ঠিক মাঝখানে পল্লীবিদ্যুতের খুঁটি বহাল রেখেই চলছে ঢালাই ও পাকাকরণ কাজ। অপরিকল্পিতভাবে এই কাজ পরিচালনা করায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীরা। বিদ্যুৎকেন্দ্রে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে আবেদন জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ গ্রামবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের।
স্থানীয় বাসিন্দা ও হাটে আসা পথচারীরা জানান, সড়কের মাঝখান থেকে খুঁটি না সরিয়ে কাজ করায় যানবাহন ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতের আঁধারে কিংবা অসাবধানতাবশত যেকোনো যানবাহন এই খুঁটিতে ধাক্কা লেগে বড় দুর্ঘটনার শিকার হতে পারে। জনস্বার্থে রাস্তা ঢালাইয়ের কাজ শেষ করার আগেই দ্রুত খুঁটিটি স্থানান্তরের জোর দাবি জানিয়েছেন তারা।
ভবানীপুর হাট-বাজার ইজারাদারের পার্টনার রফিকুল ইসলাম বলেন, প্রতি শনিবার ও মঙ্গলবার এই হাটে বিপুল পরিমাণ ধান, চাল ও কৃষিপণ্য বেচাকেনা হয়। সড়কের ঠিক মাঝবরাবর খুঁটি রেখে ঠিকাদার কাজ চালিয়ে যাচ্ছেন, যা ভবিষ্যতে চরম জনভোগান্তি তৈরি করবে। ভ্যানচালক জামাল উদ্দীন ও ক্রেতা মেহেদি হাসান আক্ষেপ করে জানান, সরকার প্রতি বছর এই হাট থেকে লাখ লাখ টাকা রাজস্ব পেলেও বিদ্যুৎখুঁটি অপসারণের মতো একটি সাধারণ সমস্যার সমাধান হচ্ছে না।
বাজার বণিক সমিতির সভাপতি আরিফুজ্জামান লেবু অভিযোগ করে বলেন, গত দুই মাস ধরে আত্রাই পল্লীবিদ্যুৎ অফিসে যোগাযোগ করছি। দুইবার তদন্ত দল এসে সরজমিনে দেখে গেলেও এখন পর্যন্ত খুঁটিটি সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ জানান, ইউপির পক্ষ থেকে হাট উন্নয়নের অংশ হিসেবেই এই সড়ক ঢালাইয়ের কাজ পরিচালনা করা হচ্ছে। তবে বারবার বিদ্যুৎ বিভাগে তাগাদা দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত তারা কোনো সমাধান দেয়নি। অভিযোগের ব্যাপারে আত্রাই পল্লীবিদ্যুৎ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জসিম উদ্দীন জানান, খুঁটি স্থানান্তরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এবং দ্রুতই তা অপসারণ করে সড়ক ঝুঁকিমুক্ত করা হবে।