সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে শপিংমলের কক্ষ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই সেভেন স্টার শপিংমলের একটি কক্ষ থেকে সোহেল রানা (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে শপিংমলের ৭ তলার একটি ভাড়া কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সোহেল রানা নওগাঁ সদর উপজেলার দোগাছি (পাথরকুটা) গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি স্ত্রীর সঙ্গে ওই শপিংমলের ৭ তলার একটি রুমে ভাড়া থাকতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কক্ষের ভেতর সোহেল রানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে। এটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: September 10, 2026 | সময়: 4:07 am | সুমন শেখ

আরও খবর