, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বারাহী, নবগঙ্গা, স্বরমঙ্গলা ও বারনই নদীর দখল-দূষণ বন্ধ এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহীর পবা উপজেলার নওহাটা ব্রিজ এলাকায় বারনই নদীর পাড়ে বরেন্দ্র ইয়ুথ ফোরাম, গ্রিন কোয়ালিশন, নওহাটা মৎস্যজীবী সমবায় সমিতি ও বারসিকের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নদীপাড়ের বাসিন্দা, জেলে, মৎস্যজীবী, পরিবেশকর্মী ও সামাজিক আন্দোলনকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী নগরের বিভিন্ন ড্রেন ও নালা দিয়ে তরল ও কঠিন বর্জ্য নদীগুলোতে গিয়ে পড়ছে। এতে বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর পানি দূষিত হয়ে পড়েছে। দূষিত পানি বিভিন্ন বিলে প্রবেশ করায় কৃষি, মাছ ও জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাবে জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য উৎপাদনও ঝুঁকির মুখে পড়ছে। নদী গবেষক মাহবুব সিদ্দিকী বলেন, নদীগুলোর পানি কালচে ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে। বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে দ্রুত দূষণ বন্ধ করতে হবে। মানববন্ধনে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে নদীগুলোর সীমানা চিহ্নিত করে দখল-দূষণমুক্ত করা, আধুনিক বর্জ্য ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা চালু, শিল্পকারখানা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বর্জ্য পরিশোধন ব্যবস্থা নিশ্চিত, দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং নদী-বিলের পানি ও মাটির গুণগত মান পরীক্ষা করে প্রতিবেদন প্রকাশ।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী এবং বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) ড. চিত্রলেখা নাজনীন স্মারকলিপি গ্রহণ করেন।