, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে নিজ নামীয় ও ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণকাজসহ বিভিন্ন কার্যক্রমে বাধা, চাঁদা দাবি, ভয়ভীতি ও হত্যার হুমকির অভিযোগে প্রতিকার চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন এক নারী। জমি রক্ষা ও নিজ পরিবারের নিরাপত্তায় চেয়ে জেলা প্রশাসক, রাজশাহী র্যাব-৫, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনারে কাছে এ লিখিত আবেদন করেছেন উরসী মাহফিলা ফাতেহা নামে ওই নারী। অভিযোগে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগে উরসী মাহফিলা ফাতেহা উল্লেখ করেছেন, তিনি রাজশাহী নগরীর উপশহর এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তিনি মোল্লাপাড়া মোজার আর এসএ দাগ নং- ১৪১, ১৪৩, ১৪৪, আর এস দাগে ১৭৬ ১ দশমিক ৪০ একর জমির মালিক। এই সম্পত্তির বৈধ মালিক তিনি। তিনি দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি ভোগদখল করে আসছেন। তবে কয়েক মাস ধরে সেখানে নির্মাণকাজসহ কোনো ধরনের কার্যক্রম করতে গেলে বাধা দেওয়া হচ্ছে। মূলত নগরীর মোল্লাপাড়া এলাকার মিলন ও তানভীর আহমেদ সিদ্দিকী ভূঁইয়া নামে দুই ব্যক্তি জমি দখলের জন্য নানানভাবে চেষ্টা করছেন। বিভিন্ন সময় চাঁদাও দাবি করছেন ওই নারীর কাছ থেকে। তাদের সঙ্গে থাকা আরও ১৫ থেকে ২০ জন লোকজনকে নিয়ে অস্ত্রের মহড়া দিয়ে জমিতে এসে বিভিন্নভাবে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও হেনস্তা এমন কি প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।
অভিযোগে তিনি আরো উল্লেখ করেছেন, অভিযুক্ত মিলন ও তানভির ওই নারীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি বিভিন্ন সময় লোকজন নিয়ে তার বাড়ির আশপাশে অবস্থান করে তাকে আতঙ্কিত করা হচ্ছে।
নারীর অভিযোগ, প্রতিপক্ষের লোকজন সুযোগ বুঝে তার সম্পত্তিতে প্রবেশের চেষ্টা করছে এবং সেখানে থাকা বৈদ্যুতিক মিটার, বিদ্যুতের তার, পানির পাম্পসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গেছে। পাশাপাশি সম্পত্তির সীমানায় স্থাপিত নেট কেটে নেওয়ারও অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করার পরও প্রতিপক্ষের লোকজনের ভয়ভীতি ও হুমকি অব্যাহত রয়েছে। এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন ভুক্তভোগি নারী। তার আশঙ্কা, প্রতিপক্ষের লোকজন যেকোনো সময় তার ওপর হামলা চালাতে পারে, সম্পত্তি জবরদখল করতে পারে কিংবা তাকে জিম্মি করে পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারে।
অভিযোগকারী উরসী বলেন, মিলন ও তানভির এলাকার প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে আমার ওই জায়গা দখলের চেষ্টা করছেন। কখনো ভাড়াতে মাস্তান আবার কখনো রাজনৈতিক নেতাদের দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে কাশিয়াডাঙ্গা থানায় অভিযোগ দেয়া হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। তিনি বলেন মিলনের ভয়ে তারা পুরো পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন।
বিষয়টি নিয়ে অভিযুক্ত মিলনের সাথে তার ব্যবহৃত মোবাইলে কথা বলার চেষ্টা করা হলে রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
রাজশাহী মহানগর পুলিশের মূখপাত্র গাজিউর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিতকরে বলেন, বিষয়টি একজন অফিসার দিয়ে তদন্ত করা হবে। যারা জায়গাটি দখলের চেষ্টা করছেন বা চাঁদা দাবি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।