, , ।
টাঙ্গাইল প্রতিনিধি: কালোবাজারে সার পাচার কালে ৩৯৫ বস্তা সারসহ মিঠু নামের ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ। শনিবার ৫ সেপ্টেম্বর দুপুরে গ্রেপ্তারকৃত মিঠুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং সার ও ট্রাক জব্দ করে মধুপুর থানায় রাখা হয়েছে। মধুপুর থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
থানা পুলিশ জানায়, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মেসার্স মেজবাহ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী পোড়াবাড়ী গ্রামের মোয়াজ্জেম হোসেন ১২৭ বস্তা টিএসপি ও ২৬৮ বস্তা মিউরেট অব পটাস (এমওপি) সার শুক্রবার রাতে পাচার করছিলেন। গোপনসূত্রে খবর পেয়ে টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার জলছত্র এলাকা থেকে সারসহ ট্রাক আটক করে। যার আনুমানিক মূল্য চার লাখ ৩৯ হাজার ৪৫০টাকা। এসময় ট্রাকের চালক পাবনা জেলার আটঘরিয়া উপজেলার খিদিরপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে মিঠু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
কালোবাজারে সার পাচারের সাথে জড়িত অন্যরা হলেন রুবেল মিয়া (পরিচয় অজ্ঞাত), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ী এলাকার আবু ইসহাকের ছেলে আসাদুজ্জামানসহ অজ্ঞাত আরও ৪-৫ জন। আসাদুজ্জামান মেসার্স মা-বাবা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী।
এই ঘটনায় অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বিমলচন্দ্র পাইন বাদি হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে মধুপুর থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সার পাচারের কাজে ব্যবহৃত ট্রাক ও সার জব্দ করে থানায় রাখা হয়েছে। আদালতের মাধ্যমে ড্রাইভার মিঠুকে কারাগারে পাঠানো হয়েছে। সার পাচারে জড়িত অন্যদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।