সর্বশেষ সংবাদ :

নওগাঁয় ওষুধ ব্যবসা নিয়ে সংবাদের প্রতিবাদে বিসিডিএস’র সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, নওগাঁ: একটি টিভি চ্যানেলে নওগাঁর ওষুধ ব্যবসা নিয়ে প্রচারিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে নওগাঁর ওষুধ ব্যবসায়ীদের সংগঠন। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) নওগাঁ জেলা শাখার নেতারা সংবাদ সম্মেললন করে এ প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিডিএস নওগাঁ জেলা শাখার সভাপতি আতাউর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে ‘নওগাঁয় নকল ওষুধে বাজার সয়লাব, ক্রেতাদের হাতে ভেজাল ওষুধ তুলে দিচ্ছে দোকানিরা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট সমিতি নওগাঁ জেলা শাখা এই প্রতিবেদনের তীব্র নিন্দা জ্ঞাপন করছে। প্রতিবেদনটিতে মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য তুলে ধরে ওষুধ ব্যবসায়ীদের হেয় করা হয়েছে।’
লিখিত বক্তব্যে আতাউর রহমান বলেন, নওগাঁ ঔষুধ ব্যবসায় বাংলাদেশের মধ্যে একটি মডেল জেলা যেটি ডিজিডিএ (ঔষুধ প্রশাসন অধিদপ্তর) ও বিসিডিএস কেন্দ্রীয় দপ্তর থেকে প্রশংসিত। এই জেলায় কোনো সময় নকল বা ভেজাল ঔষধ তৈরী বা বিপনন হয় নাই। জেলায় নকল, ভেজাল, নিম্নমানের ঔষুধ ও ঔষুধ সামগ্রী তদারকি টিম কার্যকর ভূমিকা রেখে আসছে। মান সম্পন্ন ঔষধ বিক্রয়ের ব্যাপারে নওগাঁ বিসিডিএস কঠোর অবস্থান পালন করে আসছে।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ফার্মেসী দোকানিরা শুধু ওষুধ বিক্রয় করে, কোনো ওষুধ তৈরি করে না। ওটিসি প্রোডাক্ট (হালকা থেকে মাঝারি ধরণের রোগ যেমন, সার্দি, কাশি ও অ্যালার্জির মতো সমস্যা থেকে উপশম পেতে ব্যবহৃত ওষুধ) ফার্মাসিস্টরা রোগীদের হাতে তুলে দেন।
এছাড়া জটিল রোগের ক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ফার্মাসিস্টরা দোকান থেকে ওষুধ বিক্রয় করেন না। চিকিৎসকগণের ব্যবস্থাপত্রের লিখিত ওষধের গুরুত্ব অপরিসীম এক্ষেত্রে ওষধের দোকানদারদের কোনো ভূমিকা থাকে না। আমাদের সংগঠনের (বিসিডিএস) সদস্য নিয়মবিরুদ্ধ কাজ করে থাকলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়ে থাকি।
কিন্তু বিসিডিএসের সদস্য নয়, এমন ফার্মাসিস্টরা কোনো নিয়মবিরুদ্ধ কাজ বা অন্যায় করে থাকলে এ দায় আমাদের নয়। বিসিডিএস নওগাঁ জেলা শাখার সদস্যরা সবাই সরকারি সংশ্লিষ্ট দপ্তর থেকে নিবন্ধন নিয়ে ব্যবসা করছেন। নিবন্ধন ছাড়াও অনেকে ওষুধের ব্যবসা করছেন। আমরা বারবার এসব নিবন্ধনহীন ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। এখনও সেই আহ্বান জানাতে চাই।’
এক প্রশ্নের জাবাবে বিসিডিএস নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি মাসুদ হায়দার টিপু বলেন, ‘কোম্পানিগুলো ওষুধ উৎপাদন ও মার্কেটিং করে এবং ঔষুধ প্রশাসন মূল্য ও গুণগতমান নিয়ন্ত্রণ করে থাকে। ওষুধ ব্যবসায়ীরা চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ ও ওষুধ সামগ্রী রোগীদের হাতে তুলে দেন। এখানে ওষুধ ব্যবসায়ীদের দোষ কোথায়?
এখন যদি কোনো দোকানদার মেয়াত্তোর্ণ ও নিবন্ধনহীন কোনো কোম্পানির ওষুধ বিক্রি করে এর দায় অবশ্যই ওই দোকানদারকে নিতে হবে। এ রকম দু-চারজন অসাধু ব্যবসায়ীর দায় নওগাঁর সাড়ে ৪ হাজার ওষুধ ব্যবসায়ীরা নেবে না।’


প্রকাশিত: September 5, 2025 | সময়: 7:40 am | সুমন শেখ

আরও খবর