সর্বশেষ সংবাদ :

সিপিএলে খেলতে উড়াল দিলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক: বিমান বাংলাদেশের ফ্লাইটে চড়ে সিপিএলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মিরাজ। জাতীয় দলের খেলা নেই, তাই অখন্ড অবসর এখন। ক্রিকেটের এই ফাঁকা সময়টাতেই হঠাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেই সুযোগ লুফে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পথে উড়াল দিলেন এই অলরাউন্ডার।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে চলতি সিপিএলে খেলবেন মিরাজ। শনিবার সকালে বিমানে বসে নিজের ছবি দিয়ে মিরাজ লিখেছেন, ‘নতুন এক চ্যালেঞ্জের জন্য সিপিএলের পথে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে ক্যারিবিয়ান যাত্রা আলিঙ্গন করতে প্রস্তুত।’
সিপিএলে এবারই প্রথম মাঠে নামার অপেক্ষায় মিরাজ। যদিও এই টুর্নামেন্টের সঙ্গে তাঁর পরিচয় নতুন নয়। ২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স তাঁকে দলে নিয়েছিল। তবে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। ২০২৫ সালে লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগেও একই অভিজ্ঞতা হয়েছিল। শেষ পর্যন্ত চলতি বছর লঙ্কা প্রিমিয়ার লিগে গল গ্যালান্টসের হয়ে প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামেন তিনি। চার ম্যাচে করেছিলেন ৪৪ রান, নিতে পারেননি কোনো উইকেট।
এবার তাই মিরাজের সামনে অপেক্ষা করছে নিজেকে নতুন করে প্রমাণের সুযোগ। আর সুযোগটা আসছে দারুণ ছন্দে থাকা একটি দলের হয়ে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স নিজেদের প্রথম পাঁচ ম্যাচের সবকটিতেই জিতে টেবিলের শীর্ষভাগে রয়েছে। সর্বশেষ ম্যাচে জ্যামাইকা কিংসম্যানকে ৮ উইকেটে হারিয়ে অপরাজিত থাকার দৌড় আরও লম্বা করেছে তারা। গায়ানার ড্রেসিংরুমে মিরাজের সঙ্গী হবেন শিমরন হেটমায়ার, শাই হোপ, রাহমানউল্লাহ গুরবাজ, গ্লেন ফিলিপস, রোমারিও শেফার্ড, শামার জোসেফ ও মোহাম্মদ নবীর মতো তারকারা।


প্রকাশিত: September 6, 2026 | সময়: 3:38 am | সুমন শেখ

আরও খবর