, , ।
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসক ডা. আশিকুর রহমান ও ডা. আব্দুল হান্নানের ক্লিনিকে হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছেন ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে রাবি ভেটেরিনারি ছাত্র সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং ভেট এক্সিকিউটিভের রাজশাহী শাখার সদস্যরা অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থী আজহারুল ইসলাম বলেন, প্রাণী চিকিৎসকের ওপর অতর্কিত হামলার ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হামলাকারীদের আইনের আওতায় আনা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ও ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বলেন, ময়মনসিংহের ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। তিনি জানান, ঘটনার একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে তিনি জেনেছেন। বাকি হামলাকারীদেরও দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ভেটেরিনারি পেশা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেটেরিনারিয়ানদের গবেষণা ও পরিশ্রম দেশের মানুষের প্রয়োজনীয় প্রোটিন ও আমিষের জোগান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানববন্ধনে ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক মোইজুর রহমান, অধ্যাপক তৌফিক আনাম আজাদ, আবদুল্লাহ আল-মামুন ভূঁঞাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং ভেট এক্সিকিউটিভের রাজশাহী শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।