, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিবার পরিকল্পনার আয়োজনে স্বাভাবিক প্রসবসেবা বৃদ্ধি সংক্রান্ত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। রবিবার রাজশাহী পরিবার পরিকল্পনার উপপরিচালক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পরিবার পরিকল্পার পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) রাফিউন নাহার, সহকারি পরিচালক (সিসি) ডা. মাহবুবুল আলম, সহকারী পরিচালক (সিসি) (ইনসিটু) আব্দুল বাতিন।
সভায় স্বাভাবিক প্রসবসেবা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা গর্ভবতী মা ও পরিবার কল্যাণ পরিদর্শিকাদের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলা, প্রসবের সম্ভাব্য তারিখ (ইডিডি) অনুযায়ী গর্ভবতীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, দক্ষ জনবল ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। পরিবার কল্যাণ পরিদর্শিকাদের মানসিক ভয় ও দুর্বলতা দূর করতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং এমসিএইচ-ইউনিটে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ প্রদানের পরামর্শ দেওয়া হয়। সহকারী পরিচালক (সিসি) ডা. মাহবুবুল আলম রোগিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) রাফিউন নাহার ভালো কর্মদক্ষতাসম্পন্ন পরিবার কল্যাণ পরিদর্শিকাদের উপযুক্ত অবকাঠামো ও যোগাযোগ সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠানে পদায়নের বিষয়ে মতামত প্রদান করেন।
প্রধান অতিথি ড. কস্তুরী আমিনা কুইন পারস্পরিক দোষারোপ না করে বিদ্যমান জনবল ও সম্পদ কাজে লাগিয়ে বিভাগীয় কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি বলেন, পরিবার কল্যাণ পরিদর্শিকাদের মূল দায়িত্বই হলো মা ও শিশুর সার্বক্ষণিক সেবা নিশ্চিত করা। সভাপতি স্বাভাবিক প্রসবসেবা বৃদ্ধির লক্ষ্যে পরিবার কল্যাণ পরিদর্শিকাদের মানসিকভাবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান এবং তাঁদের ব্যক্তিগত কর্মদক্ষতা সম্পর্কে খোঁজ নেন।
তিনি উল্লেখ করেন, পরিবার কল্যাণ পরিদর্শিকারা ১৮ মাসের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে চাকরিতে যোগদান করেন। তাই তাঁদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিরাপদ ও মানসম্মত স্বাভাবিক প্রসবসেবা নিশ্চিত করতে হবে। এছাড়া সভায় বক্তব্য রাখেন, বিভিন্ন উপজেলার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফাপ), সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মাঠ পর্যায় থেকে আসা পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার পরিকল্পনা পরিদর্শকগন।