সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে পরিসংখ্যান ব্যুরোর নৌযান শুমারি সেমিনার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নৌযানের সঠিক পরিসংখ্যানিক তথ্য নিশ্চিত করতে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক “নৌযান শুমারি ২০২৬” বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী জেলার ছোট-বড় নৌকার মাঝি, নৌযান মালিক, ঘাট মালিক সহ সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।
সোমবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সেমিনারটি আয়োজত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। রাজশাহী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক কাজল রেখার সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী। সেমিনারে বক্তারা জানান, বাংলাদেশের দেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানসমূহের ডাটাবেইজ প্রবর্তনের মাধ্যমে নৌযানসমূহকে নিবন্ধনে সহায়তা করবে এই নৌযান শুমারি। তাছাড়া, নদীমাতৃক বাংলাদেশে নৌপরিবহন খাতের সঠিক পরিসংখ্যানের অভাব দূর করতে ‘নৌযান শুমারি ২০২৬’ একটি মৌলিক ভিত্তি হিসেবে কাজ করবে।
নৌপথে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা বৃদ্ধি তথা নৌচলাচলের ক্ষেত্রে সার্বিক শৃঙ্খলা বৃদ্ধি করতে সহায়তা করবে এই শুমারি। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে মানুষের জীবন নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হবে। একই সাথে পুরো তথ্য হালনাগাদ হলে নৌ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে একটি সুন্দর পরিচালন নীতিমালা প্রণয়ন করাও সম্ভব হবে। এক্ষেত্রে, যাত্রীবাহী (জাহাজ), যাত্রীবাহী (বোট), বালিবাহী, কার্গো, লঞ্চ, ট্রলার, ড্রেজার, ফেরি এবং প্রান্তিক পর্যায়ে ব্যবহৃত বিভিন্ন প্রকার ইঞ্জিনচালিত নৌযান ইত্যাদি নিবন্ধনের আওতায় আসবে বলে জানান বক্তারা। জনস্বার্থে পরিচালিত এ নৌযান শুমারি দেশের সকলের কাছে তথ্য পৌঁছে দেবার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও বাংলাদেশ পরিসংখ্যান বিভাগ টিভিসি, জিঙ্গেল, টিভি স্ক্রলিং, এফএম রেডিও, সংবাদপত্রে প্রচারণা, পত্রিকায় ক্রোড়পত্রের মাধ্যমে প্রচারণা কার্যক্রম চালাবে। এছাড়াও সারাদেশে মাইকিং, সোস্যাল মিডিয়ায় টার্গেট বুস্টিং করে প্রচারণা, স্টিকার, পোস্টার, লিফলেট, ব্রশিউর, ব্যানার এর মাধ্যমে প্রচারণা; মোবাইলে ক্ষুদে বার্তা প্রেরণসহ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদভিত্তিক প্রচারণা চালানো হবে বলেও মন্তব্য করেন উপস্থিত বক্তারা।


প্রকাশিত: August 11, 2026 | সময়: 4:18 am | সুমন শেখ

আরও খবর