সর্বশেষ সংবাদ :

বিভিন্নস্থানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

স্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বুধবার (৫ আগস্ট) ভোর থেকেই রাজশাহীর বিভিন্ন জেলা ও উপজেলায় শহিদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পবা: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান জাতীয় ঐক্যের এক নতুন ভিত্তি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, এই অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে এবং জাতিকে বিভক্ত করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। একই সঙ্গে ছাত্র-জনতার দাবি সংবলিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের জনগণ বর্তমান সরকারের ওপর রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব অর্পণ করেছে, তা শপথ অনুযায়ী পালন করা হবে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে উসকানি ও ভয়ভীতি ছড়িয়ে জাতীয় ঐক্য বিনষ্ট এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
দেশের অর্থনৈতিক বাস্তবতার প্রসঙ্গ তুলে এমপি মিলন বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, জাতীয় রাজকোষে অর্থসংকট এবং ঋণের চাপ উন্নয়ন কর্মকাণ্ডে প্রভাব ফেলেছে। পাশাপাশি প্রশাসনের অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে বিভিন্ন ক্ষেত্রে কাজের গতি কমে গেছে। তবে সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম স্বাভাবিক হবে। তিনি বলেন, ছাত্র, শিক্ষক, পুলিশ, আইনজীবী, বিচারক ও প্রশাসনের কর্মকর্তাসহ সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে তার খেসারত পুরো জাতিকেই দিতে হবে।
বাংলাদেশকে আর অতীতের সংকটময় অবস্থায় ফিরে যেতে দেওয়া যাবে না। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমপি মিলন বলেন, ‘জুলাই সনদ’-এর ৩৩টি ধারার মধ্যে যেসব বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, সেগুলো বাদ দিয়ে বাকি বিষয়গুলো বাস্তবায়ন করা হবে। নতুন প্রজন্মের আন্দোলনকারীদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে মূল্যায়ন, তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার এবং বেকারত্ব নিরসনেও সরকার অগ্রাধিকার দেবে। ইতিহাস বিকৃতির সমালোচনা করে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্লোগান উদ্ধৃত করে তিনি বলেন, “করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।”
সভায় সভাপতির বক্তব্যে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুর আবেদীন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা শুধু স্মরণ করার বিষয় নয়, তা প্রশাসনিক কার্যক্রম ও জনসেবায় প্রতিফলিত হওয়া উচিত। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় আইনের শাসন, সুশাসন ও জনসম্পৃক্ত প্রশাসন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে। তিনি আরও বলেন, জাতীয় ঐক্য ও সম্প্রীতি অটুট রেখে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই সবচেয়ে বড় শক্তি। আলোচনা সভা শেষে ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে পবা ও মোহনপুর উপজেলার জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর: উপজেলার চৌডালা ইউনিয়নের দক্ষিণ ইসলামপুরে গ্রামের গণঅভ্যুত্থানে শহীদ তারেক হোসেনের কবরস্থানে পুষ্পস্তবক ও কবর জিয়ারত করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত পুলিশ সুপার এ,এন, এম ওয়াসিম ফিরোজ, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ও উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা। পরে বেলা ১০টার দিকে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ। উপজেলা পল¬ী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য দেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমদ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল হক, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল¬াহ আহমদ, জুলাইযোদ্ধা রাসেল আলী, শিবির নেতা আলমগীর, আসাদুল¬াহ, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম। সভা শেষে গণঅভ্যুত্থানে সকল শহীদদের আÍার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
গোদাগাড়ী: বর্তমান সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরে হাঁটা শুরু করেছে পুরোনো নির্যাতনের স্মৃতি ভুলে গিয়ে অতীতের ফ্যাসিস্টের মতোই আচরণ শুরু করেছে বিএনপি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, হাসিনাকে তাঁড়িয়েছি, যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে আপনাদেরও জনগণ তাঁড়াবে। উপজেলার প্রধান ফটকে গণভোটের রায় বান্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১১ দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
মুজিবুর রহমান বলেন, আমরা বলতে বাধ্য হচ্ছি, তারাও মজলুম ছিলেন, আজ যারা সরকারে আছেন। তারা আজ ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরে হাঁটা শুরু করেছেন। সমাজের সবক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে চাচ্ছেন। আমরা মানবো না।
তিনি বলেন, দাবি মেনে নিন এদেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে, গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদদের সাথে বেঈমানি করবো না। জুলাইযোদ্ধাদের সাথে বেঈমানি করবো না। ১৮ কোটি মানুষের সাথে বেঈমানি করবো না। জীবন দিয়ে লড়াই করে হলেও আমরা কথা রাখবো। ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে।
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। সরকার পুরোনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখছে। তাদের দাবি, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে দলীয়করণ ও রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। জনগণের আকাক্সক্ষা উপেক্ষা করা হলে কঠোর রাজনৈতিক জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, উপজেলা আমীর নূমায়ন আলী মাস্টার, গোদাগাড়ী পৌর আমীর আনারুল ইসলাম, পৌর সেক্রেটারি শওকত আলী, এনসিপির উপজেলা আহ্বায়ক মো. জিয়াউর রহমান জিয়া, এলডিপির রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল্লাহসহ প্রমূখ।
তাঁতীদল: রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি ও পবা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশার উদ্যেগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবা উপজেলার হরিপুর মোড়ে তাঁতীদলের কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে তারা দেশের শান্তি, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দোয়া মাহফিলে পবা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষদিকে শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে হরিপুরে মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি র‌্যালি বের হয়।
নওহাটা উচ্চ বালিকা ও মৌগাছী উচ্চ বিদ্যালয়: পবার নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয় ও মোহনপুরের মৌগাছী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে পৃথক পৃথক আয়োজনে আলোচনা, চিত্রাংকন, রচনা ও কবিতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। শেষে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
নওহাটা উচ্চ বালিকা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু বাক্কার সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সামসুদ্দীন প্রাং। আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মজিবর রহমান, সিনিয়র শিক্ষক মো সামিরুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপন করেন সিনিয়র সহকারি শিক্ষক শাহজাহান আলী। আলোচনা শেষে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগীর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এদিকে মৌগাছী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান। সিনিয়র শিক্ষক ইব্রাহিম খোন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক (ইংরেজি) মো. নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, আলমগীর হোসেন, অরুণা খাতুন, মুসফিকা খাতুন। উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ফজলুর রহমান, উম্মে আয়েশা, ওবাইদুর রহমান, জিল্লুর রহমান, চামেলী রানী, আসমা খাতুন, জান্নাতুন মাওয়া, ইসমতআরা খান, আশরাফুল ইসলাম প্রমুখ। এসময় শিক্ষার্থীসহ অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন।
বড়াইগ্রাম: বনপাড়া পৌর শহরে উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম। উপজেলা সেক্রেটারী আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সমাবেশে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবুল হোসাইন, রাজশাহী মহানগর জামায়াত নেতা আব্দুল হান্নান বাদশা, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা হাসানুল বান্না উজ্জল, জামায়াত নেতা অধ্যাপক আবু সাঈদ ও হুমায়ন কবীর, নগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসিনুর রহমান, জোনাইল ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাহবুবুর রহমান, জোয়াড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা আইয়ুব আলী ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী বাবর আলী বক্তব্য রাখেন।
নওগাঁ: শহরের মুক্তির মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচী। এসময় জুলাই শহীদদের স্মরণে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারাসহ সকল সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ জাহিদুল ইসলাম ধলু। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্রনেতা ফজলে রাব্বী, জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারাসহ বক্তব্য রাখেন।
অপরদিকে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ফজলে হুদা বাবুল এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডা. মো. তারিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
নওগাঁয় ১১দলের মিছিল-সমাবেশ: জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে ও জুলাইয়ের খুনিদের বিচার ত্বরান্বিত করতে নওগাঁয় বিক্ষাভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নওগাঁ জেলা জামায়াতের আমির আব্দুর রাকিবের সভাপতিত্বে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক নাসির উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আসম সায়েম, আমার বাংলাদেশ পার্টির নওগাঁ জেলা শাখার আহ্বায়ক এডভোকেট কাজী আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা উপদেষ্টা রেজাউর রহমান টুকু, এল ডি পি নওগাঁ জেলা শাখা সাধারণ সম্পাদক শাহেন শাহ, এনসিপির নওগাঁ জেলা যুগ্ন সদস্য সচিব তৌফিকুল ইসলাম তপু, জাগপা নওগাঁ জেলার সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির এডভোকেট আব্দুর রহিম, জেলা ছাত্রশিবিরের সভাপতি আজফারুল হক, নওগা পৌর জামায়াতের নায়েবে আমির আসাদুল্লাহ আল গালিব প্রমূখ।
নলডাঙ্গা: নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলডাঙ্গা উপজেলা শাখা এ মিছিলের আয়োজন করেন। মিছিলটি নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে নলডাঙ্গা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডক্টর জিয়াউল হক জিয়া, নলডাঙ্গা উপজেলা জামাতের আমির আব্দুর রব, সেক্রেটারি ডাঃ ফজলুর রহমান, জামায়াত নেতা জিহাদুল ইসলাম, আব্দুর রাজ্জাক প্রমূখ।
আত্রাই: বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলার কর্মপরিষদ সদস্য খবিরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল এদেশের মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক মাইলফলক। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়ের ২য় বর্ষপূর্তিতে আমাদের প্রধান দাবি জুলাই গণহত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন করা।
আত্রাই উপজেলা জামায়াতের আমীর তোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ওসমান গণি সহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। গণমিছিল মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আত্রাই উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় । মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ- সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।
সিংড়া: নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় সিংড়া উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিটি বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি গণমিছিলের মাধ্যমে শুরু হয়ে নাটোর-বগুড়া মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমানুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা কর্মপরিষদ সদস্য আফসার আলী মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এন্তাজ আলী, পৌর জামায়াতের আমির প্রভাষক সাদরুল উলা, পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আলী আকবর, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুল মন্নাফসহ অন্য নেতারা। সমাবেশে বক্তারা বলেন,“ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনের সুফল পেতে এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘জুলাই সনদ’-এর দাবিগুলো অবিলম্বে কার্যকর করতে হবে। বক্তারা আরও বলেন, কোনো ধরনের জুলুম ও স্বৈরাচারী শাসন আর মেনে নেওয়া হবে না। দেশের সার্বিক রাজনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করে যাবে। মিছিল ও সমাবেশ শেষে সকল জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
নিয়ামতপুর: উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ -১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ফয়সাল নাহিদ পবিত্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প অফিসার এনামুল হক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রিতা রানী পাল, আহত জুলাই যোদ্ধা বারীক হোসেন, শহীদ আবু রায়হানের পিতা মামুন সরদার প্রমুখ। সভায় বক্তরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মের কাছে দিবসটির তাৎপর্য তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।
বদলগাছী: উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, জুলাইয়ের আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য মাইলফলক। শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সভা শেষে জুলাই শহীদ রিদোয়ান শরীফ রিয়াদের পক্ষে সম্মাননা স্মারক ও পুরুষ্কার গ্রহন করেন তার মামা সারোয়ার আজম এবং ১১ জন জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও পুরুষ্কার প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের আত্মত্যাগের স্বীকৃতি এবং ভবিষ্যতে তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. পলাশ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী- শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
কালাই: উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে শহীদ রিতার কবরে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকালে শহীদ রিতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন মন্ডল, যুগ্ম আহবায়ক মওদুদ আলম সরকার, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর তাইফুল ইসলাম ফিতা,উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, সহপ্রমুখ।
পর্যায়ক্রমে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে কালাই উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে।
শাহজাদপুর: শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী। এছাড়াও অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলার স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারী ‘জুলাই যোদ্ধা’ ও স্থানীয় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত অতিথিরা জুলাই শহীদদের ত্যাগ ও বীরত্বকে স্মরণ করে তাঁদের আদর্শ বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
পুঠিয়া: মঙ্গলপাড়ার নিস্তব্ধ কবরস্থানে শায়িত জুলাই শহিদ আলী রায়হানের কবরের সামনে দাঁড়িয়ে মাথা নত করেছিলেন প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। ফুলের পাপড়িতে ঢাকা সেই সমাধি যেন স্মরণ করিয়ে দিচ্ছিল এক রক্তাক্ত অধ্যায়ের কথা। সেখান থেকেই শুরু হয় পুঠিয়ার জুলাই গণঅভ্যুত্থান দিবসের আনুষ্ঠানিকতা। পরে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদদের প্রতি জানানো হয় রাষ্ট্রীয় ও সামাজিক শ্রদ্ধা। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রূপ নেয় স্মৃতি, অঙ্গীকার ও ভবিষ্যতের প্রত্যয়ের এক মিলনমেলায়।
আলোচনা সভার প্রধান অতিথি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, জুলাইয়ের চেতনা কেবল অতীতের স্মৃতি নয়, এটি একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সেই স্বপ্ন বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টু, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম জুম্মাসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
সিংড়া: উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচি পালন করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও উপজেলা প্রশাসন কর্তৃক নিয়ন্ত্রিত বেসরকারি প্রতিষ্ঠান ‘সিংড়া বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ’ এবং উপজেলার প্রায় ৪০টি কিন্ডারগার্টেন (কেজি) স্কুলেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সরেজমিনে উপজেলার প্রত্যন্ত এলাকা ২নম্বর ডাহিয়া ইউনিয়নের আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২ টায় গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সঙ্গে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শেষ করে কবিতা আবৃত্তিতে অংশ নিয়েছেন। অনুষ্ঠান সম্পর্কে আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী খাতুন বলেন: “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইতিহাস কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। এর মাধ্যমে নতুন প্রজন্ম আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ এই অধ্যায় সম্পর্কে জানার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ পাচ্ছে। ছোটদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়।” কর্মসূচি শেষে স্ব-স্ব প্রতিষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি ঘিরে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিনভর মুখরিত পরিবেশ লক্ষ্য করা গেছে।


প্রকাশিত: August 7, 2026 | সময়: 4:30 am | সুমন শেখ