সর্বশেষ সংবাদ :

সানশাইনে সংবাদ প্রকাশ: আত্রাইয়ে দূরারোগ্য রোগে আক্রান্ত মজিবর পেল আর্থিক সহায়তা

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে দূরারোগ্য ও জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করা প্রবীণ চা বিক্রেতা এস এম মজিবর রহমানের (৭৫) পাশে দাঁড়িয়েছে আত্রাই উপজেলা প্রশাসন। মঙ্গলবার জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক সানশাইন’-এ “আত্রাইয়ে দূরারোগ্য রোগে আক্রান্ত মজিবর রহমান বাঁচতে চান” শিরোনামে এক সচিত্র মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর পরই বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টিগোচর হয়।
সংবাদটি নজরে আসার পরই নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজুর নির্দেশনায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরুজ্জামান দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।
এদিন উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে অসুস্থ এস এম মজিবর রহমানের সুচিকিৎসা ও পরিবার পরিচালনার সুবিধার্থে তাঁর হাতে ৮ হাজার টাকার চেক মানবিক আর্থিক সহায়তা হিসেবে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, আত্রাই উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা এস এম মজিবর রহমান পেশায় একজন সাধারণ চা বিক্রেতা। জীবনের সিংহভাগ সময় কঠোর পরিশ্রম করে সংসার চালানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তবে বিগত প্রায় ৪০ বছর ধরে তিনি এক বিরল ও মারাত্মক শারীরিক ব্যাধিতে আক্রান্ত। বর্তমানে বয়সের ভারে এবং উপযুক্ত চিকিৎসার অভাবে তাঁর পুরো শরীরে আলুর মতো গোল গোল অংশ ফুলে উঠে অসহ্য যন্ত্রণার সৃষ্টি হয়েছে। অর্থাভাবে জীবনরক্ষাকারী চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ কিনতে না পেরে পরিবারটি চরম সংকটে দিন কাটাচ্ছিল।
দৈনিক সানশাইন পত্রিকায় প্রকাশিত খবরের জের ধরে এবং সংসদ সদস্যের নির্দেশনায় উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক সহযোগিতায় প্রবীণ এই মানুষটির পরিবারে স্বস্তি ফিরে এসেছে।
আর্থিক সহায়তা পেয়ে আবেগপ্লুত কণ্ঠে এস এম মজিবর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা জানান, দৈনিক সানশাইন পত্রিকায় আমাদের কষ্টের কথা তুলে ধরায় এমপি মহোদয়ের নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও মহোদয় ডেকে নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এজন্য আমরা পত্রিকা কর্তৃপক্ষ, স্থানীয় প্রতিনিধি, এমপি স্যার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও আত্রাই উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরুজ্জামান বলেন, দৈনিক সানশাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা প্রবীণ মজিবর রহমানের দূরারোগ্য ব্যাধি ও অবর্ণনীয় কষ্টের কথা জানতে পারি। বিষয়টি জানার পরই আমাদের স্থানীয় সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু মহোদয় তাৎক্ষণিকভাবে তাঁর সুচিকিৎসায় সহায়তার নির্দেশনা দেন। সেই নির্দেশনার আলোকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ৮ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে এই অসহায় পরিবারটির সার্বিক সহায়তায় প্রশাসন পাশে থাকবে।


প্রকাশিত: August 5, 2026 | সময়: 4:27 am | সুমন শেখ